জামালগঞ্জে কৃষকদের ওপর সাংসদের লোকজনের হামলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফসলরক্ষা বাঁধ প্রকল্প বাস্তবায়ন কমিটির বিরুদ্ধে বিক্ষোভ করার সময় গতকাল বুধবার সুনামগঞ্জ-১ (তাহিরপুর-জামালগঞ্জ-ধরমপাশা) আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেনের লোকজন কৃষকদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় কৃষকদের বিক্ষোভে একাত্মতা প্রকাশকারী স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের তিনজন নেতা আহত হয়েছেন। বিক্ষোভকারী কৃষকদের অভিযোগ, জামালগঞ্জের বিভিন্ন হাওরে ফসলরক্ষা বাঁধের জন্য গঠিত প্রকল্প বাস্তবায়ন কমিটিতে স্থানীয় কৃষকদের না রেখে বহিরাগত ব্যক্তিদের রাখা হয়েছে। গত ১৫ ডিসেম্বর থেকে বাঁধের কাজ শুরু করার কথা থাকলেও গতকাল পর্যন্ত কাজ শুরু হয়নি। এর প্রতিবাদে দুপুরে তাঁরা বিক্ষোভ করে উপজেলা পরিষদ ভবনে সাংসদ মোয়াজ্জেম হোসেনের কাছে স্মারকলিপি দিতে যান। এ সময় বিনা উসকানিতে সাংসদের ঘনিষ্ঠ ও অনুগত কয়েকজন তাঁদের ওপর চড়াও হয়। কৃষকেরা জানান, হামলাকারীরা বাস্তবায়ন কমিটির সঙ্গে সংশ্লিষ্ট। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কাশেম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান, যুবলীগের নেতা মনিরুজ্জামান কৃষকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। তাঁরা হামলার প্রতিবাদ করলে সাংসদের লোকজন তাঁদের মারধর করে। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা শাহরিয়ার এগিয়ে এলে তাঁকেও তারা গালিগালাজ করে। পরে সেখানে পুলিশ এসে হামলাকারীদের কিছু না বলে দেলোয়ার হোসেন, কমর উদ্দিন ও নূরুল আমীন নামের তিনজন কৃষককে আটক করে নিয়ে যায়। স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কাশেম চৌধুরী অভিযোগ করেন, সাংসদের ঘনিষ্ঠ ছাত্রনেতা নাজেল, মানিক, টুকু ও হানিফের নেতৃত্বে তাঁদের ওপর হামলা চালানো হয়। জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জানে আলম খান বলেন, বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ওই তিনজনকে আটক করা হয়েছে।এ ব্যাপারে কথা বলার জন্য সাংসদ মোয়াজ্জেম হোসেনের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও কথা বলা যায়নি। তিনি কল রিসিভ করেননি।