জামালগঞ্জে খালকে ভরাট, ভূমি দেখিয়ে বন্দোবস্ত!
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে একটি খালকে ভরাট ভূমি দেখিয়ে বন্দোবস্ত দেওয়া হয়েছে। ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে স্থানীয় ভূমি কার্যালয় ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা খালের ৩০ শতক অংশ বন্দোবস্ত দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাচনা বাজারের পশ্চিম দিক থেকে সুরমা নদীর একটি খাল প্রবেশ করেছে। খালটির দুই পাশে দোকানপাট রয়েছে। কয়েক বছর ধরে কিছু ব্যবসায়ী এই খাল দখলের চেষ্টা করছেন। ভূমি জরিপের সময় কয়েকজন ব্যবসায়ী খালের ৩০ শতক জমি বাজারের ভরাট ভূমি হিসেবে রেকর্ড করান। এই প্রক্রিয়ায় ব্যবসায়ীদের সঙ্গে উপজেলা ভূমি কার্যালয়ের কর্মকর্তারাও জড়িত ছিলেন। এই উপজেলায় সহকারী কমিশনার-ভূমি (এসি ল্যান্ড) নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হায়াৎ উদ দৌলা খান অতিরিক্ত দায়িত্ব হিসেবে এসি ল্যান্ডের কাজ করেন। অভিযোগ রয়েছে, ইউএনও খাল এলাকা পরিদর্শনের পর ২০০৯-১০ অর্থবছরে বাজারের ভরাট ভূমি হিসেবে খালের ৩০ শতক অংশ বন্দোবস্ত দেওয়ার সুপারিশ করেন। উপজেলার ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, ওই খালের ৯৩ শতক জমির মধ্যে ৬০ জন ব্যবসায়ীকে ৩০ শতক বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দ পাওয়া খাল এখন ভরাটের উদ্যোগ নিয়েছেন ব্যবসায়ীরা। অবশিষ্ট ৬৩ শতাংশ বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া চলছে। অভিযোগ রয়েছে, ভূমির শ্রেণী পরিবর্তনে ব্যবসায়ীদের সহায়তা করেছেন ভূমি কার্যালয়ের অফিস সহকারী নিশিকান্ত ভট্টাচার্যও। অভিযোগ অস্বীকার করে নিশিকান্ত বলেন, বাস্তবে খাল থাকলেও উপজেলা সেটেলমেন্ট কার্যালয়ের রেকর্ডে ওই খাল বাজারের ভরাট ভূমি হিসেবে উল্লেখ রয়েছে। তাই বন্দোবস্ত দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘ইউএনও সবকিছু দেখেশুনেই বন্দোবস্ত দেওয়ার সুপারিশ করেছেন।’ইউএনও হায়াৎ উদ দৌলা খান বর্তমানে দেশের বাইরে রয়েছেন। তাই এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।বাজারের ব্যবসায়ী সূত্র জানায়, এখানে প্রতি শতক জমির দাম বর্তমানে দুই থেকে আড়াই লাখ টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী অভিযোগ করেন, সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রত্যেক ব্যবসায়ীর কাছ থেকে ৪০ থেকে ৫০ হাজার টাকা নিয়ে খাল বন্দোবস্ত দেন। খালের আধা শতক জায়গা বরাদ্দ পেয়েছেন জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম। তিনি বলেন, ‘এখানে সব দলের লোকই জায়গা পেয়েছে। আমি খাজনা বাবদ পাঁচ হাজার আর কিছু খরচপাতি দিয়েছি।’জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ আল আজাদ বলেন, ‘এই খাল এক সময় সুরমার শাখা নদী ছিল। মরে এখন খাল হয়েছে। বন্দোবস্তের বিষয়টি আমার জানা আছে। তবে যা হওয়ার তা হয়ে গেছে।’ এলাকাবাসী সূত্রে জানা গেছে, খালের পাড়েই ইউসুফ আল আজাদের বাড়ি। তাঁর ঘরের কিছু অংশও রয়েছে ওই খালের ওপর। একবার প্রশাসন সেটি উচ্ছেদের চেষ্টা করেছিল।জেলা প্রশাসক (ডিসি) মো. ফয়জুর রহমান প্রথম আলোকে বলেন, ভূমির শ্রেণী পরিবর্তনের ক্ষমতা ডিসির নেই। একমাত্র মন্ত্রণালয়ের এই ক্ষমতা রয়েছে। তিনি বলেন, ‘আমি সুনামগঞ্জ এসেছি চার মাস আগে। আমার কাছে জামালগঞ্জের কোনো ভূমি বন্দোবস্ত দেওয়ার প্রস্তাব আসেনি। আর খালকে বাজার দেখিয়ে বন্দোবস্ত দেওয়ার তো প্রশ্নই আসে না। তবুও বিষয়টি আমি খতিয়ে দেখব।’