সুনামগঞ্জের জামালগঞ্জের একটি জলমহালে নিরীহ জেলে-কৃষককের ওপর গুলিবর্ষণ ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় জলমহালের ইজারাদারের তিন ছেলে সাজিদ মাহমুদ, মাহফুজ ও সজীবকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার সুনামগঞ্জের মুখ্য বিচারিক হাকিম মুহামঞ্চদ আবদুর রহিম এই আদেশ দেন। আদালত ও মামলা সূত্রে জানা যায়, জামালগঞ্জের প্রভাবশালী জলমহাল ইজারাদার শামসুল হক ওরফে ঝুনু মিয়ার নেতৃত্বে গত বছরের ১০ নভেম্বর ছাতিধরা জলমহালের পাড়ের তিনটি গ্রামের নিরীহ জেলে-কৃষকদের ওপর হামলা, গুলিবর্ষণ ও বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়। এতে বেশ কিছু গ্রামবাসী আহত হন। একই সময় গ্রামে লুটপাটের ঘটনাও ঘটে। এ ঘটনায় গ্রামবাসীর পক্ষ থেকে পরদিন থানায় একটি মামলা করা হয়। মামলার তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তা এক মাস আগে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার অভিযোগপত্রভুক্ত আসামি ঝুনু মিয়ার তিন ছেলে গতকাল আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।