জামালগঞ্জে তিনজনকে ধরে পুলিশে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে কয়লা ও বালু-পাথর পরিবহনকারী নৌযান থেকে চাঁদাবাজির অভিযোগে গতকাল শনিবার তিন ব্যক্তিকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
জেলার জামালগঞ্জ উপজেলার বাঙ্গিয়া নদীতে নৌযান থেকে চাঁদা তোলায় বেহেলী ইউনিয়নের মাহমুদপুর গ্রামের সাধু মিয়া (৩০), শিরিন মিয়া (২৮) ও বজলু মিয়াকে (২৯) ধরে পুলিশে দেওয়া হয়।
কয়লা ও বালু-পাথর পরিবহনকারী নৌশ্রমিকেরা জানান, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়চড়া-চারাগাঁও শুল্ক বন্দর থেকে কয়লা এবং ফাজিলপুর বালু-পাথর মহাল থেকে দেশের বিভিন্ন স্থানে কয়লা ও বালু-পাথর পরিবহন করেন তাঁরা। এসব কয়লা ও বালু-পাথরবোঝাই কার্গো, বাল্কহেড, নৌকা দেশের বিভিন্ন স্থানে যাওয়ার পথে সুনামগঞ্জের অন্তত পাঁচটি স্থানে চাঁদা দিতে হয়। এই চাঁদাবাজির সঙ্গে ক্ষমতাসীন দলের লোকজন জড়িত। এ কারণে চাঁদাবাজরা সহজে পার পেয়ে যাচ্ছেন৷
এ নিয়ে প্রথম আলোয় গত ১৮ এপ্রিল ‘ঘাটে ঘাটে আ.লীগের চাঁদাবাজি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন প্রকাশের পর পুলিশি তৎপরতায় কিছুদিন চাঁদাবাজি বন্ধ থাকে৷ কিন্তু এখন পুলিশি তৎপরতা কিছুটা কম থাকায় আবারও চাঁদাবাজি শুরু হয়েছে।
গতকাল শনিবার দুপুরে জামালগঞ্জের বাঙ্গিয়া নদীতে চাঁদা তোলার সময় নৌশ্রমিকেরা ওই তিনজনকে ধরে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাঁদের ধরে নিয়ে আসে।
জামালগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল হক তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এই উপজেলায় নৌপথে আরও যারা চাঁদাবাজি করে, তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।