জামালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ছে। উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের বিষ্ণপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বিষ্ণপুর গ্রামের সনাতন সরকার ও রঞ্জন সরকারের লোকজনের মধ্যে এক সপ্তাহ আগে ছোট একটি ট্রলিতে মাল বহন নিয়ে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে গতকাল বিকেলে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে রঞ্জন সরকার (৩৮) ঘটনাস্থলেই প্রাণ হারান। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হন। গুরুতর আহত সঞ্জু সরকার ও রঞ্জিত সরকারকে (৪০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, দিপাল সরকার, সুদীন সরকার, সনৎ সরকার, অঞ্জন সরকার, এবং পরিতোষ সরকারকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য আহত ব্যক্তিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।জামালগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, আবার সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রাত আটটা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।