জামালগঞ্জে নৌযানে চাঁদাবাজির ঘটনায় পাঁচজন গ্রেপ্তার
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় নৌপথে চাঁদাবাজির ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতেই তাঁদের গ্রেপ্তার করা হয়। কিশোরগঞ্জ উপজেলার হিলোসিয়া গ্রামের প্রিমা এন্টারপ্রাইজের মাঝি আলফাজ উদ্দিন (৪৫) গত শনিবার রাতে উপজেলার পাঁচটি স্থানে নৌযান থেকে চাঁদা আদায়কারী সংঘবদ্ধ চক্রের ২৭ জনকে আসামি করে জামালগঞ্জ থানায় মামলা করেন। মামলার আসামিদের মধ্যে জহিরুল হক (২০), তকদার মিয়া (২৬), আলিক মিয়া (২৮), সাইফুল মিয়া (২৪) ও প্রিয়রঞ্জন রায় (৩০) নামের পাঁচজন গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া পাঁচজনসহ আসামিদের সবাই উপজেলার বেহেলী ও ফেনারবাক ইউনিয়নের বেহেলী, মাহমুদপুর, আহসানপুর ও গজারিয়া সীমন্তপুর গ্রামের বাসিন্দা। জামালগঞ্জ থানা ও নৌযান শ্রমিক সূত্র জানায়, উপজেলার সীমান্তবর্তী নৌপথের পাঁচটি স্থানে সংঘবদ্ধ চক্রটি নৌযানগুলো থেকে চাঁদা আদায় করে আসছিল। এই পাঁচটি স্থান হচ্ছে: উপজেলার বেহেলী ইউনিয়নের বেহেলী বাজার, মাহমুদপুর গ্রামসংলগ্ন দুটি স্থান, আহসানপুর গ্রামসংলগ্ন বৌলাই নদ ও ফেনারবাক ইউনিয়নের সীমন্তপুর-গজারিয়া গ্রামসংলগ্ন ধনু নদ। জামালগঞ্জের দুর্লভপুর থেকে বালু এবং তাহিরপুরের বড়ছড়া শুল্কস্টেশন থেকে কয়লা পরিবহনের সময় এ চাঁদা আদায় করা হয়ে থাকে।