জলমহালের দখল নিয়ে ইজারাদারের লোকদের হামলা
জামালগঞ্জে পাঁচজন গুলিবিদ্ধসহ আহত ১২, বাড়িঘরে আগুন
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার একটি জলমহালের দখল নিয়ে ইজারাদারের লোকদের হামলায় পাঁচজন গুলিবিদ্ধসহ ১২ জন আহত হয়েছে। হামলকারীরা কয়েকটি বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। উপজেলার সদর ইউনিয়নের ছাতিধরা বিলে গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কয়েক বছর ধরে উপজেলার বৃহৎ ছাতিধরা জলমহালটি ভোগদখল করে আসছেন স্থানীয় লক্ষ্মীপুর গ্রামের ঝুনু মিয়া। এবারও তিনি জলমহালটি নেওয়ার জন্য আবেদন করেছেন। কিন্তু জলমহালটি নিয়ে উচ্চ আদালতে মামলা থাকায় এখনো বিষয়টি নিষ্পত্তি হয়নি। তবে তিনি জলমহালের দখলে আছেন। গত কয়েক দিন আগে বিলের পাশের ইনছানপুর, মাছিমপুর ও ঝুনুপুর গ্রামের লোকজন বিলের পাশের একটি খালে মাছ ধরার জন্য সেখানে অবস্থান নেয়। এতে ঝুনু মিয়া ক্ষুব্ধ হয়ে ওঠেন।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঝুনু মিয়া প্রায় ৩০০ লোক নিয়ে সেখানে যান। একপর্যায়ে বিলের পাশে অবস্থান নেওয়া লোকদের ওপর হামলা চালান তিনি ও তাঁর লোকজন। হামলাকারীরা গুলি ছুড়তে শুরু করলে গ্রামবাসী পালাতে শুরু করে। তখন গ্রামের বাড়িঘরে হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা ইনছানপুর ও ঝুনুপুর গ্রামের আলী নূর, মায়েজ উদ্দিন, আলী নেওয়াজ, আশ্রাফ আলী ও নূর মিয়ার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। বাড়িঘরে মালপত্র লুটপাট করে। এতে গুলিবিদ্ধসহ ১২ জন আহত হন। ঝুনুপুর গ্রামের জামাল উদ্দিন ও গোলাপ মিয়া জানান, প্রায় দুই ঘণ্টা ঝুনু মিয়া ও তাঁর লোকজন তিনটি গ্রামে তাণ্ডব চালায়। মানুষদের মারধর ও বাড়িঘরে অগ্নিসংযোগ করে। ঘরের মালপত্র লুটপাট করে নিয়ে যায়। স্থানীয় ইনছানপুর মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন জানান, তাঁরা তিন গ্রামের মানুষ মিলে বিলের পাশের একটি খালে মাছ ধরার উদ্যোগ নিয়েছিলেন। মূল বিলে কোনো লোক যায়নি। তার পরও ইজারাদার ঝুনু মিয়া দলবল নিয়ে গ্রামবাসীর ওপর হামলা চালান।এ ব্যাপারে ঝুনু মিয়ার সঙ্গে কথা বলার জন্য তাঁর মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন ধরেননি। জামালগঞ্জ থানার ওসি জানে আলম খান জানান, ঝুনু মিয়ার নেতৃত্বে হামলা ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে গ্রামবাসী অভিযোগ করেছে। জলমহালে মাছ ধার নিয়েই এ ঘটনা ঘটে। তিনি বলেন, ‘গুলির ঘটনা স্থানীয় লোকজন আমাদের বলেছে। এটা ছররা গুলি হতে পারে। ঘটনাস্থলে গিয়ে আমরা হামলাকারীদের পাইনি।’