জামালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে সাংবাদিকের চার মাসের জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকবর হোসেনকে চার মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাশেম এ সাজা দেন।জামালগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, ‘গতকাল বেলা আড়াইটার দিকে ইউএনও আবুল হাশেম ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য আমাদের কাছে ফোর্স চান। বেলা সাড়ে তিনটায় আমরা তাঁর নির্দেশে আকবর হোসেনকে রাস্তা থেকে ধরে থানায় নিয়ে আসি। পরে ইউএনও তাঁকে চার মাসের কারাদণ্ডাদেশ দেন।’ সাংবাদিক আকবরের সহকর্মীরা জানান, সম্প্রতি উপজেলা প্রশাসনের ১১ কর্মকর্তা ইউএনওর বিরুদ্ধে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগে কর্মকর্তারা ইউএনওর বিরুদ্ধে সরকারি কাজে নানা অনিয়ম ও অসৌজন্যমূলক আচরণ করার বিষয়টি প্রকাশ করেন। পাশাপাশি জামালগঞ্জের সাচানা বাজারের ৭০ জন ব্যবসায়ী জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন, ইউএনও বিভিন্ন অনুষ্ঠানের নামে তাঁদের কাছ থেকে দুই লাখ ৫০ হাজার টাকা নিয়েছেন।আকবরের ছোট ভাই কবির হোসেন জানান, এ দুটো ঘটনা নিয়ে আকবর আঞ্চলিক দৈনিক সিলেট বাণীতে একাধিক প্রতিবেদন করেন। এতে আকবরকে দেখে নেওয়ার হুমকি দেন ইউএনও এবং ওই হুমকির পরিপ্রেক্ষিতে ক্ষমতার অপপ্রয়োগ করে ইউএনও তাঁর ভাইকে সাজা দেন বলে তিনি অভিযোগ করেন।জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ আল আজাদ জানান, কেউ ইউএনওর দুর্নীতির বিরুদ্ধে কথা বললে তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ক্ষমতার অপব্যবহার করে তাদের বিভিন্নভাবে হয়রানি করেন। মুঠোফোনে যোগাযোগ করলে ইউএনও আবুল হাশেম প্রথম আলোকে বলেন, ‘উপজেলা পরিষদের মালিকানাধীন একটি পুকুরে মাছ ধরার সময় ২০০১ সালের ১৩ এপ্রিল আকবর উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের কাজে বাধা দেন। এর পর থেকে পুকুরে আমাদের লোকজন আর যেতে পারছেন না। এ অপরাধে তাঁকে (আকবর) কারাদণ্ড দেওয়া হয়েছে। এর সঙ্গে কর্মকর্তা ও ব্যবসায়ীদের অভিযোগ বা পত্রিকায় সংবাদ প্রকাশের বিষয় জড়িত নয়।’