জামালগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয় দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সাইনবোর্ড টাঙিয়ে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় সংগঠনটির সাবেক কমান্ডার ও তাঁর সমর্থকেরা দখল করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনে পরাজিত হওয়ার পর ৬ জুলাই ক্ষুব্ধ হয়ে তিনি এটি দখলে নেন। এ কারণে নবনির্বাচিত কমিটির সদস্যরা ওই কার্যালয়ে ঢুকতে পারছেন না।
মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয় দখলের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গত রোববার লিখিত অভিযোগ দিয়েছেন নবনির্বাচিত কমান্ডার আসাদ উল্লাহ সরকার ও ডেপুটি কমান্ডার শ্রীকান্ত তালুকদার। অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ৪ জুন মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন হয়। এতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুর রাজ্জাক মাস্টার ও তাঁর প্যানেল পরাজিত হয়। বিজয়ী হয় আসাদ উল্লাহ সরকারের নেতৃত্বাধীন প্যানেল। এতে আবদুর রাজ্জাক ও তাঁর প্যানেলের সদস্যরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা বিজয়ী প্যানেলকে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ঢুকতে দেবেন না বলে নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছেন।
লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, আবদুর রাজ্জাক ও তাঁর লোকজন ৬ জুলাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ‘আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ’ লেখা সাইনবোর্ড টাঙিয়ে দিয়ে সেটি দখল করে নিয়েছেন। এর পর থেকে বিজয়ী প্যানেলের সদস্যদের কার্যালয়ে যেতে বাধা দেওয়া হচ্ছে।
আসাদ উল্লাহ সরকার বলেন, ‘ক্ষমতাসীন দলের নাম ব্যবহার করে একটি পক্ষ কার্যালয়টি দখল করে নিয়েছে। এখন আমাদের নানাভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। আমরা ভয়ে কার্যালয়ে যেতে পারছি না। তাই প্রশাসনকে বিষয়টি লিখিতভাবে জানিয়েছি।’
দখলের অভিযোগ অস্বীকার করে আবদুর রাজ্জাক বলেন, ‘এখানে দখলের কোনো কিছু নাই। আমরা আমাদের সাইনবোর্ড টাঙিয়ে ওই কার্যালয়ের অন্য একটি কক্ষ ব্যবহার করছি; কাউকে হুমকি দিইনি। তারা আসে না, আমরা কী করব।’
ইউএনও এস এম শফি কামাল বলেন, ‘এ নিয়ে মুক্তিযোদ্ধাদের মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য আবদুর রাজ্জাককে সাইনবোর্ড সরিয়ে নিতে বলেছি।’