জামালগঞ্জে সুরমা নদীতে নৌকাডুবি, নিখোঁজ ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সুরমা নদীতে নৌকাডুবিতে সাতজন যাত্রী নিখোঁজ রয়েছে বলে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানিয়েছে। স্থানীয় প্রশাসন ও পুলিশ নৌকাটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।পুলিশ জানায়, জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার থেকে একটি যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকা গতকাল বৃহস্পতিবার ভোররাতে কিশোরগঞ্জের ইটনা উপজেলার উদ্দেশে ছেড়ে যায়। সকাল ছয়টার দিকে নৌকাটি উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের রামপুর গ্রামের পাশে গেলে বিপরীত দিক থেকে আসা বালু বহনকারী একটি স্টিলের বলগেট সেটিকে ধাক্কা দেয়। এতে সুরমা নদীর মাঝখানে ১৬ জন যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়। এরপর ৯-১০ জন যাত্রী সাঁতরে তীরে উঠলেও বাকিরা নিখোঁজ রয়েছে।সাঁতরে তীরে ওঠা যাত্রী নেত্রকোনার খালিয়াজুরি উপজেলার জগন্নাথপুর গ্রামের সবজি ব্যবসায়ী জিকর আলী (৫০) জানান, নৌকার ভেতরে ১৬ জন যাত্রী ছিল। তাঁর ধারণা, তিন নারী, দুই শিশুসহ সাতজন যাত্রী নিখোঁজ রয়েছে। ঘটনাস্থলে থাকা জামালগঞ্জ থানার উপপরিদর্শক জিয়াউল হক সন্ধ্যা ছয়টায় জানান, নৌকাটি মাঝনদীতে ডুবে যাওয়ায় সেটি ওঠাতে সমস্যা হচ্ছে। নিখোঁজ কাউকে উদ্ধার করা যায়নি। জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খয়বর রহমান জানান, কার্গোর সঙ্গে রশি বেঁধে নৌকাটি টেনে উদ্ধারের চেষ্টা ব্যর্থ হওয়ায় সিলেট থেকে ডুবুরি দল এনে সেটি উদ্ধারের চেষ্টা চলছে।