জামালগঞ্জে সুরমায় নিখোঁজ চারজনের লাশ উদ্ধার
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সুরমা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে নৌকাটি নদীর একেবারে মাঝখানে ডুবে যাওয়ায় সেটি এখনো উদ্ধার করা যায়নি।গত বৃহস্পতিবার সকালে জামালগঞ্জের ফেনারবাঁক ইউনিয়নের রামপুর গ্রামের পার্শ্ববর্তী সুরমা নদীতে বালুবাহী বলগেটের ধাক্কায় একটি যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকা ডুবে যায়। এতে সাতজন নিখোঁজ হয়।গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ঘটনাস্থলে নেত্রকোনা জেলার খালিয়াজুরি উপজেলার নূরপুর গ্রামের লাইলি বেগম (৩৫), তাঁর ছেলে মাজহারুল (৩), জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের আমানিপুর গ্রামের আবদুল মোতালিব (৫০) এবং আরও এক বৃদ্ধের মৃতদেহ নদীর পানিতে ভেসে উঠলে পুলিশ সেগুলো উদ্ধার করে। ওই বৃদ্ধের নাম-পরিচয় জানা যায়নি। খালিয়াজুরি উপজেলার লিপসা গ্রামের জামাল উদ্দিন মুঠোফোনে জানান, নৌকায় তাঁর বাবাও ছিলেন। তিনি এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন।