জামালগঞ্জে হাওরের ধান দ্রুত কাটতে প্রশাসনের মাইকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় দুটি হাওরের বোরো ধান ঝুঁকির মধ্যে রয়েছে। এই দুটি হাওরের ধান দ্রুত কাটতে গত রোববার ও গতকাল সোমবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) গতকাল জনপ্রতিনিধি ও হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে নিয়োজিত প্রকল্প কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার জামালগঞ্জের হালির হাওরের রাতলার এলাকার স্লুইসগেট ভেঙে হাওরে ঢলের পানি ঢুকতে শুরু করে। রাতে স্লুইসগেটটি বন্ধ করা হয়েছে। এ ছাড়া পাকনার হাওর এলাকার বাঁধও ঝুঁকিতে রয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে কৃষকদের দ্রুত হাওরের ধান কাটতে অনুরোধ জানানো হয়েছে।গতকাল সোমবার পাউবোর পক্ষ থেকে উপজেলার জনপ্রতিনিধি এবং ফসল রক্ষা বাঁধ নির্মাণে নিয়োজিতদের নিয়ে জরুরি বৈঠক হয়েছে। এতে সংশ্লিষ্ট সবাইকে বাঁধের দিকে নজর রাখতে বলা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শফি কামাল জানান, সতর্কতা এবং দ্রুত ধান কাটার জন্য মাইকিং করা হয়েছে। সংশ্লিষ্টদের ফসল রক্ষা বাঁধে সার্বক্ষণিক নজরদারি করতে বলা হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ আল আজাদ বলেন, হালির হাওর এবং পাকনার হাওরের ফসল নিয়ে কৃষকেরা আতঙ্কে আছেন। সুরমা নদী ও হাওরে ঢলের পানি বাড়ছে।