জামালগঞ্জের ইউএনওর বিরুদ্ধে ১১ কর্মকর্তার লিখিত অভিযোগ
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হাসেমের বিরুদ্ধে অনিয়ম, দাপ্তরিক কাজে অসহযোগিতা এবং কর্মকর্তাদের সঙ্গে হয়রানিমূলক আচরণের অভিযোগ এনে জেলা প্রশাসকের কাছে লিখিত দিয়েছেন উপজেলার বিভিন্ন দপ্তরের ১১ জন কর্মকর্তা।অভিযোগ দেওয়ার পর জেলা প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গত মঙ্গলবার জামালগঞ্জে গিয়ে ইউএনও, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। এ নিয়ে কর্মকর্তাদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।অভিযোগকারীরা হলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ খায়রুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুর রহমান খান, উপজেলা সাবরেজিস্ট্রার মজিবুর রহমান, সহকারী সেটেলম্যান্ট কর্মকর্তা হানিফ আহমদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মণিশর চৌধুরী, মেডিকেল কর্মকর্তা চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ ও বাদল চন্দ্র বর্মণ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবদুল বারেক, কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক পরেশ দাস ও সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপক দীপক রঞ্জন চৌধুরী।উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ আল আজাদ জানান, তিনি বিষয়টি মীমাংসার চেষ্টা করেছেন। কিন্তু ইউএনও রাজি হননি। এ নিয়ে কর্মকর্তাদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে ইউএনও মোহাম্মদ আবুল হাসেম বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না।’