জামালগঞ্জের কয়লাকে গ্যাসে রূপান্তরের চেষ্টা করা উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট ভূতত্ত্ববিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বদরূল ইমাম বলেছেন, জামালগঞ্জ ক্ষেত্রের কয়লা গ্যাসে রূপান্তর করে ব্যবহারের উদ্যোগ নেওয়া উচিত। এই উদ্যোগ বর্তমান জ্বালানি সংকট নিরসনে কাজে না এলেও ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তায় এর নিশ্চিত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।অধ্যাপক ইমামের বক্তৃতার পরিপ্রেক্ষিতে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, সরকার জ্বালানি খাত উন্নয়নের চলমান কার্যক্রমের পাশাপাশি কয়লা গ্যাসে রূপান্তর করে ব্যবহারের বিষয়েও কাজ শুরু করবে। কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং অধ্যাপক হিসেবে কর্মরত বদরূল ইমাম সম্প্রতি দেশে এসেছেন। এই সুযোগে কয়লাকে গ্যাসে রূপান্তর করে ব্যবহারে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে ওই বক্তৃতার আয়োজন করে পেট্রোবাংলা। গতকাল রোববার পেট্রোবাংলা কার্যালয়ের মিলনায়তনে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর স্বাগত বক্তব্য দেন। জ্বালানি বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন ও পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেনও বক্তব্য দেন।অধ্যাপক ইমাম বলেন, কয়লা তোলার প্রচলিত দুটি পদ্ধতির (ভূগর্ভস্থ ও উন্মুক্ত) একটিও এ দেশে অনুসরণ করা আর্থিক, পরিবেশগত ও সামাজিক পরিস্থিতি বিবেচনায় কঠিন। ভূগর্ভস্থ পদ্ধতিতে কয়লা তোলা আর্থিকভাবে লাভজনক নয়। অপরদিকে, উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলা লাভজনক হলেও এ দেশের ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যের কারণে পরিবেশ ও প্রতিবেশের ওপর এর বিরূপ প্রভাব এত বড় হয়ে উঠতে পারে। বদরূল ইমাম বলেন, ভূগর্ভস্থ ও উন্মুক্ত পদ্ধতি ছাড়া আরও দুটি পদ্ধতি এখন কারিগরি, আর্থ-সামাজিক ও পরিবেশগত দিক দিয়ে গ্রহণযোগ্য ও প্রচলিত হচ্ছে। এর একটি কোল বেড মিথেন (সিবিএম), অন্যটি আন্ডারগ্রাউন্ড কোল গ্যাসিফিকেশন (ইউসিজি)। তিনি বলেন, সিবিএম পদ্ধতিতে কয়লা তোলা কিংবা সংশ্লিষ্ট ক্ষেত্রের কয়লার কোনো ব্যবহার হয় না। কেবল কয়লা খনিতে যে মিথেন গ্যাস থাকে সেটা তুলে আনা হয়। এর পরিমাণ খুব বেশি হয় না। আর ইউসিজি পদ্ধতিতে কোনো কয়লা খনির ভিতরে অক্সিজেন ও তাপ ঢুকিয়ে নিয়ন্ত্রিতভাবে আগুন জ্বালানো হয়। এর ফলে সৃষ্ট গ্যাস অন্য পাইপ লাইন থেকে তুলে এনে ব্যবহার করা হয়। অধ্যাপক ইমাম বলেন, ইউসিজি পদ্ধতিতেও ভূমি ধস হয়। তবে খনির গভীরতা যত বেশি হবে ক্ষতি তত কম হবে। সে জন্যই সাধারণত বেশি গভীর খনিতে এই পদ্ধতি ব্যবহার করা হয়। বাংলাদেশে জামালগঞ্জের খনির গভীরতা ৬০০ থেকে এক ১০০ মিটার। তাই এই খনিতে ইউসিজি পদ্ধতি ব্যবহার করা উচিত।