জামালপুর, নেত্রকোনা ও ময়মনসিংহে ১৪৭ জনের কারাদণ্ড
বিদ্রোহের ঘটনায় বিডিআর আইনে করা মামলায় জামালপুর, নেত্রকোনা ও ময়মনসিংহে ১৪৭ জন জওয়ানকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বিশেষ আদালত-১৭ গতকাল বুধবার পৃথকভাবে এই রায় দেন।জামালপুরে ৫২ আসামির মধ্যে ছয়জনকে সর্বোচ্চ সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁরা হলেন, নায়েক রজব আলী, ল্যান্স নায়েক গজেন্দ্র নাথ রায়, নায়েক আবদুস সাত্তার মোল্লা, সিপাহি আ. শামিম, সিপাহি ফারুক হোসেন ও হাবিলদার সহকারী বাদল চন্দ্র দে। বাকি আসামিদের বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।বিশেষ আদালত-১৭-এর বিচারকমণ্ডলীর সভাপতি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল নজরুল ইসলাম সরকার এই রায় ঘোষণা করেন। তাঁকে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম, লে. কর্নেল গাজী মো. সালাহ উদ্দিন ও মেজর মো. আশফাক হোসেন। প্রসিকিউটরের (কৌঁসুলি) দায়িত্বে ছিলেন জামালপুর-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবদুল খবীর সরকার।বিজিবির ৬ ব্যাটালিয়নে স্থাপিত বিশেষ আদালতে রায় ঘোষণার সময় মামলার বাদী জামালপুর ৬ ব্যাটালিয়নের উপসহকারী পরিচালক (ডিএডি) আবদুল আজিজ উপস্থিত ছিলেন।গতকাল ভোরে ৫২ আসামিকে আদালতে হাজির করার পর রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার পর আসামিদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।এদিকে নেত্রকোনায় ৫৩ জওয়ানকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। নেত্রকোনা-১৬ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৭ এই রায় ঘোষণা করেন। রায়ে ৫৩ জনের মধ্যে দুজনকে সাত বছর, তিনজনকে ছয় বছর, তিনজনকে পাঁচ বছর, পাঁচজনকে চার বছর, দুজনকে তিন বছর, একজনকে আড়াই বছর, সাতজনকে দুই বছর, একজনকে দেড় বছর, ১০ জনকে এক বছর, ১৬ জনকে ছয় মাস এবং তিনজনকে চার মাস করে সাজা দেওয়া হয়। সেই সঙ্গে তাঁদের প্রত্যেকের ১০০ টাকা করে জরিমানা করা হয়। সাত বছরের সাজা পাওয়া আসামিরা হলেন, নায়েক সুবেদার আবদুল করিম খান ও ল্যান্স নায়েক মাহবুব। কারাদণ্ড পাওয়া ৫৩ জনকে পরে নেত্রকোনা জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।বিডিআর বিদ্রোহের ঘটনায় দুটি মামলায় ময়মনসিংহে ৪২ জওয়ানকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ময়মনসিংহ সেক্টর সদর দপ্তর কার্যালয়ে স্থাপিত বিশেষ আদালত-১৭। মামলায় প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন ময়মনসিংহ-৪৫ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর সাকির আহমেদ।দুটি মামলার রায়ে তিনজনকে সাত বছর, দুজনকে ছয় বছর, ছয়জনকে পাঁচ বছর, একজনকে সাড়ে চার বছর, তিনজনকে চার বছর, একজনকে সাড়ে তিন বছর, ছয়জনকে তিন বছর, একজনকে আড়াই বছর, ছয়জনকে দুই বছর, তিনজনকে দেড় বছর, সাতজনকে এক বছর, তিনজনকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।দুপুরে কড়া পুলিশি পাহারায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ময়মনসিংহ সেক্টর সদর দপ্তর ও ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযুক্ত ৪২ জওয়ানকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে বিশেষ আদালত-১৭-এ হাজির করা হয়।আমাদের খাগড়াছড়ি প্রতিনিধি জানান, খাগড়াছড়ির পানছড়ি ৩০ রাইফেল ব্যাটালিয়নে বিডিআর বিদ্রোহের মামলায় ৭১ জওয়ানের বিরুদ্ধে গতকাল ১০ জন সাক্ষ্য দিয়েছেন। আদালত ২৩ মার্চ সকাল নয়টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। সে দিনও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হবে। এ মামলায় মোট ২৭ জন সাক্ষী সাক্ষ্য দেবেন।