জামালপুর ও কমলনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
জামালপুরের বকশীগঞ্জে ইঞ্জিনচালিত পাওয়ার টিলারের ধাক্কায় এক স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছে। গতকাল শনিবার এ দুর্ঘটনা ঘটে। এদিকে আগের দিন শুক্রবার লক্ষ্মীপুরের কমলনগরে একটি মোটরসাইকেলের ধাক্কায় মারা গেছে আট বছরের এক শিশু।
বকশীগঞ্জ উপজেলায় গতকাল পাওয়ার টিলারের ধাক্কায় নিহত ব্যক্তিরা হলেন উপজেলার ঝালরচর গ্রামের রসুল মিয়ার ছেলে জুয়েল রানা (২৫), খেয়ারচর গ্রামের চন্দু মিয়ার ছেলে সৌরভ (৩৫) ও আইরমারী গ্রামের ফোটা মিয়ার ছেলে আসাদ (১৬)। আসাদ আইরমারী উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ত।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের খেয়ারচর এলাকায় ব্রহ্মপুত্র নদের পাড় থেকে মূল রাস্তায় ওঠার সময় একটি পাওয়ার টিলার বিকল হয়ে যায়। সেটি তোলার জন্য জুয়েল, সৌরভ ও আসাদ পেছন থেকে ধাক্কা দিচ্ছিলেন। এ সময় আরেকটি পাওয়ার টিলার পেছন থেকে আকস্মিকভাবে তাঁদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জুয়েল নিহত হন। পরে গুরুতর আহত আসাদকে শেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান সৌরভ।
বকশীগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান বলেন, এ ঘটনায় পেছন থেকে ধাক্কা দেওয়া পাওয়ার টিলারের চালক হেলাল উদ্দিন ও চালকের সহকারী রুহুল আল-আমিনকে আটক করা হয়েছে।
এদিকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার কড়ইতলা বাজার বাসস্ট্যান্ড এলাকায় রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে শুক্রবার সন্ধ্যায় দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় বৃষ্টি আক্তার (৮) নামের এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার চর লরেন্স এলাকার মনির হোসেনের মেয়ে।
লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা একটি লেগুনা থেকে পরিবারের সদস্যদের সঙ্গে ওই বাসস্ট্যান্ডে এসে নেমে রাস্তা পার হতে গিয়ে বৃষ্টি দুর্ঘটনার শিকার হয়। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।