জামালপুর ও মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
জামালপুরের বকশীগঞ্জে ও টাঙ্গাইলের মির্জাপুরে আজ শনিবার সন্ধ্যায় আলাদা সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
মির্জাপুর: মির্জাপুর উপজেলার পোস্টকামুরী চড়পাড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজ সন্ধ্যায় ট্রাকের চাপায় আকাশ খান নামের এক কিশোর নিহত হয়েছে।
আকাশ খান উপজেলা সদরের পোস্টকামুরী গ্রামের রাইস খানের ছেলে। সে মির্জাপুর সদয় কৃষ্ণ মডেল উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও এলাকাবাসী জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চড়পাড়া এলাকায় রাস্তা পার হচ্ছিল আকাশ। এ সময় ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন বলেন, লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে আজ সন্ধ্যায় লালচান (৩০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি পৌর শহরের দড়িপাড়া গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বকশীগঞ্জ শহর থেকে বাইসাইকেলে কামালপুর যাচ্ছিলেন লালচান। উপজেলা পরিষদ মোড় এলাকায় পেছন দিক থেকে একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।