জামালপুর ও রাঙামাটিতে হরতাল আজ
রাঙামাটি জেলায় আজ শনিবার অর্ধদিবস হরতাল ডেকেছে জাতীয়তাবাদী ছাত্রদল। জেলা ছাত্রদলের সভাপতি আবু সাদাৎ মো. সায়েমের ওপর হামলার প্রতিবাদে গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।বিএনপির কর্মী বেলাল হোসেন নিহত হওয়ার প্রতিবাদে জামালপুর জেলায় আজ অর্ধবেলা হরতালের ডাক দেওয়া হয়েছে।সংবাদ সম্মেলনে রাঙামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম তালুকদার লিখিত বক্তব্যে বলেন, হরতাল পালনকালে গত বৃহস্পতিবার দুপুরে শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতিতে আবু সাদাৎ মো. সায়েমকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এ সময় জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. খুরশেদ আলমসহ বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন। রাঙামাটি কোতোয়ালি থানার ওসি জানান, ওই ঘটনায় ছাত্রদল ও ছাত্রলীগ দুটি মামলা করেছে। ছাত্রদলের পক্ষে আবু সাদাৎ মো. সায়েম ও ছাত্রলীগের পক্ষে মো. সোহাগ মিয়া বাদী হয়ে ওই মামলা করেন। গত মঙ্গলবার জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আওয়ামী লীগ-বিএনপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে বিএনপির কর্মী বেলাল গুলিবিদ্ধ হয়ে মারা যান। বেলাল নিহত হওয়ার প্রতিবাদে জেলা বিএনপি ওই দিন রাতেই দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আজ শনিবার সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল পালনের ঘোষণা দেয়।