জামালপুর ও হবিগঞ্জে বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার, হয়রানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর পৌরসভা নির্বাচনে ৩৫টি ভোটকেন্দ্রের বিএনপির মেয়র প্রার্থীর নির্বাচনী পরিচালনা কমিটির ১০৬ জন সদস্যের নামে ‘মিথ্যা’ মামলা দিয়ে তাঁদের গ্রেপ্তার ও হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী জি কে গউছের প্রচারকাজ বিঘ্নিত করতে পুলিশ প্রার্থীর কর্মী-সমর্থকদের দমন-নিপীড়ন শুরু করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শনিবার বেলা একটার দিকে জামালপুর শহরের শফি মিয়ার বাজার এলাকার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপির মেয়র প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো. ওয়ারেছ আলী অভিযোগ করেন, গত বুধবার রাত আটটার দিকে শহরের গেইটপাড় এলাকায় গণসংযোগে যান তিনি। এ সময় আওয়ামী লীগের মেয়র প্রার্থী মির্জা সাখাওয়াতুল আলমের সমর্থকেরা বিভিন্ন ধরনের অশালীন স্লোগান দেন। সেই সময় ওই এলাকা থেকে চলে আসার পর তাঁরা নিজেরাই প্রচার ক্যাম্পের চেয়ার-টেবিল ভাঙচুর এবং শহরে তাণ্ডব চালিয়ে শহরে সাঁটানো তাঁর সব নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলা হয়। ওই রাতেই কোনো মামলা ছাড়াই পুলিশ অভিযান চালিয়ে জেলা বিএনপির আইন-বিষয়ক সম্পাদক রবিউল আলমসহ ছয়জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে।
বিএনপির মেয়র প্রার্থী আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা গত বৃহস্পতিবার দুপুরে তাঁর ৩৫টি ভোটকেন্দ্রের নির্বাচনী পরিচালনা কমিটির ১০৬ জন সদস্যের নামে একটি ‘মিথ্যা’ মামলা দায়ের করেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই মামলার এজাহারভুক্ত আসামি ছাড়াও নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশি চালাচ্ছেন।
বিএনপির মেয়র প্রার্থীর পোস্টার ও প্রচারণায় বাধা সৃষ্টির অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মির্জা সাখাওয়াতুল আলম বলেন, ‘বিএনপির প্রার্থীর সমর্থকেরা আমার দুজন সমর্থককে মারধর করেন। তাঁরাই মামলা দায়ের করেছেন।’
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক বলেন, পুলিশ নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করছে। কারও পক্ষ নিয়ে কাজ করার কোনো সুযোগ নেই। তদন্তকাজ শেষ না হওয়া পর্যন্ত কোনো মামলাকে মিথ্যা মামলা বলার সুযোগ নেই।
গত শুক্রবার রাতে হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপির নেতারা অভিযোগ করেন, তাঁদের প্রার্থী জি কে গউছ ও ধানের শীষের জয় নিশ্চিত দেখে প্রশাসনের ছত্রচ্ছায়ায় নানা কৌশল করা হচ্ছে। পুলিশের কিছু কর্মকর্তা বাড়ি বাড়ি গিয়ে বিএনপির নেতা-কর্মীদের ধরপাকড় ও ভয়ভীতি প্রদর্শন করছেন। গত বৃহস্পতিবার মধ্যরাতে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক ওরফে সেলিমকে পুলিশ গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে কোনো মামলা না থাকা সত্ত্বেও মিথ্যা অভিযোগ এনে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। এসব ধরপাকড়ের কারণে এখন ধানের শীষের পক্ষে কেউ নির্বাচনী মাঠে প্রচারণা চালাতে পারছেন না। এ অবস্থা চলতে থাকলে জি কে গউছ নির্বাচন থেকে সরে আসতে পারেন।
বিএনপির নেতারা অভিযোগ করেন, হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে পুলিশি অন্যায় আচরণের কারণে নির্বাচনের সার্বিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এমনকি ভোটাররা আতঙ্কে আছেন ভোটকেন্দ্রে যাওয়া নিয়ে। হবিগঞ্জ পৌরসভার ১৮টি ভোটকেন্দ্রের সব কটিই ঝুঁকিপূর্ণ। এ কারণে তাঁরা পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েনের জোর দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হবিগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি মঞ্জুর উদ্দিন ওরফে শাহীন।
এ বিষয়ে হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) জয়দেব কুমার ভদ্র বলেন, বিএনপির নেতাদের অভিযোগ সঠিক নয়। এলাকার সার্বিক নিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়ে যাদের বিরুদ্ধে মামলা-মোকদ্দমা রয়েছে, কেবল তাদের আটক করা হচ্ছে। নির্বাচনের আগে যেমন ধরা হচ্ছে, তেমনি নির্বাচনের পরও অপরাধী গ্রেপ্তারের ধারাবাহিকতা ঠিক থাকবে। এসপি দাবি করেন, হবিগঞ্জ জেলায় পাঁচ পৌরসভায় একসঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শুধু হবিগঞ্জ নয়, অন্য কোথাও বিএনপির নেতা-কর্মীরা বাধার সম্মুখীন হচ্ছেন, তা কেউ বলতে পারবেন না।