জামালপুর জেনারেল হাসপাতালে চার দালালকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর জেনারেল হাসপাতালসহ শহরের বিভিন্ন স্থানে গতকাল বুধবার অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিভিন্ন অপরাধের দায়ে চার হাজার ১২০ টাকা জরিমানা আদায় করা হয়। জানা গেছে, জেলা প্রশাসনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার এস এম নজরুল ইসলামের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত গতকাল বেলা ১১টার দিকে জেনারেল হাসপাতালে অভিযান চালান। এ সময় রোগীদের হাসপাতাল থেকে ভাগানো ও ওষুধের দোকানে নেওয়ার সময় দালাল রুহুল আমিন, মনজুরুল ইসলাম, ফিরোজ ও পারভেজকে ৮০০ টাকা জরিমানা করা হয়। আদালত পরে শহরের রেলওয়ে স্টেশনে গিয়ে প্রকাশ্যে ধূমপান করার দায়ে শফিকুল, বাবুল, সুলতান এবং ফারুক নামের চারজনকে ১৭০ টাকা জরিমানা করেন। একই স্থানে অপরিচ্ছন্ন বোতলজাত পানি বিক্রির দায়ে শিপন নামের একজন মুদি দোকানিকে ৫০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত শহরের রেলগেটে অপরিচ্ছন্ন পরিবেশের জন্য হোটেল সানোয়ার এবং হোটেল মৌবনের কাছ থেকে এক হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছেন। একই স্থানে মোটরযান আইনে সাতজন মোটরসাইকেল চালককে এক হাজার ১৫০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক এস এম নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে দালালদের দৌরাত্ম্য এতটাই বেড়েছে যে তাদের খপ্পরে পড়ে রোগীরা প্রতারিত হচ্ছেন। অভিযানের সময় চারজন দালালকে আটক করার কথা জানাজানি হওয়ায় অন্য দালালেরা কেটে পড়েন।