জামালপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন স্থগিত
গোপনে আয়োজনের উদ্যোগ নেওয়ার অভিযোগ তুলে জামালপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ও ক্রীড়া সংস্থার সভাপতি রাসেল সাবরিন এ আদেশ দেন।
ওই আদেশে বলা হয়, জেলা প্রশাসক ও ক্রীড়া সংস্থার সভাপতির অগোচরে তাঁর সম্মতি ছাড়া ও অনুপস্থিতিতে সংস্থার কার্যনির্বাহী পরিষদ গঠনের জন্য সাধারণ সম্পাদক কর্তৃক নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশনার নিয়োগ এবং নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। এ কার্যক্রম গঠনতন্ত্রবিরোধী ও এখতিয়ার-বহির্ভূত। সে কারণে জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০১৭-এর নির্বাচন কমিশনার নিয়োগ, তফসিলসহ যাবতীয় কার্যক্রম বাতিল করা হলো।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের সব প্রস্তুতি চলছে। এখানে একটি কার্যকরী পরিষদ রয়েছে। আমি একা সিদ্ধান্ত নেওয়ার কেউ না। পরিষদের সিদ্ধান্তে নির্বাচনের আয়োজন চলছে। নির্বাচন-সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে। নির্বাচনের বিষয়টি সব ক্লাবকেও জানানো হয়েছে। নির্বাচন বাতিলের কোনো আদেশ পাইনি।’
এ প্রসঙ্গে জানতে চাইলে জেলা প্রশাসক রাসেল সাবরিন বলেন, ‘নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আমরা কিছু জানি না। এ ছাড়া নির্বাচন বন্ধে স্থানীয় কয়েকটি ক্লাব জাতীয় ক্রীড়া সংস্থায় চিঠি দেয়। এর ভিত্তিতে নির্বাচন বন্ধে একটি পত্র জেলা প্রশাসকের কার্যালয়ে আসে। সে অনুযায়ী নির্বাচন বন্ধের আদেশ দেওয়া হয়েছে। সব পক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
জেলা ক্রীড়া সংস্থার কার্যালয় সূত্র জানায়, তফসিল অনুযায়ী নির্বাচনের অনেক প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী ২১ মে মনোনয়নপত্র দাখিল, ২২ মে মনোনয়নপত্র বাছাই ও প্রত্যাহারের শেষ দিন, ২৩ মে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ এবং ৫ জুন ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশের কথা ছিল।
জেলা প্রশাসক মো. শাহাবুদ্দীন খান দেশের বাইরে থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।