জামালপুর থেকে অপহূত রিকশাচালক গাজীপুরে উদ্ধার, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর থেকে অপহূত রিকশাচালক মজনু মিয়াকে গত রোববার গাজীপুর সদর উপজেলার দক্ষিণ খাইলকুর পলাগাছ এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণে জড়িত অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: জামালপুরের ইসলামপুর উপজেলার চন্দ্রপুরী গ্রামের মো. রুবেল (৩০) ও দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার রহমপুর গ্রামের মো. সেলিম হোসেন (৩৫)।পুলিশ সূত্রে জানা গেছে, ইসলামপুরের ধর্মকুড়া গ্রামের মজনু মিয়া ১২ জুন বাড়ি থেকে রিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হন। ১৪ জুন রাতে অপহরণকারীরা মজনুর মায়ের কাছে মুঠোফোনে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। একপর্যায়ে মজনুকে গাজীপুরে নিয়ে আসে তারা। দর-কষাকষির একপর্যায়ে মজনুকে ১০ হাজার টাকা মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিতে রাজি হয়। বেসরকারিভাবে টাকা পাঠানোর মাধ্যম ‘বিকাশ’ হিসাবে ওই টাকা পাঠাতে বলে অপহরণকারীরা। বিকাশের মাধ্যমে দুই দফায় সাত হাজার টাকা অপহরণকারীদের কাছে পাঠানো হয়। মজনুর পরিবার বিষয়টি পুলিশকে জানালে পুলিশ অপহরণকারীদের টাকা উত্তোলনের স্থান গাজীপুরে বিকাশ এজেন্সির বুথের অবস্থান শনাক্ত করে। পুলিশ জানায়, অপহরণকারী রুবেল রোববার বিকেলে গাজীপুর সদর উপজেলার সাইনবোর্ড ভুসির মিল এলাকায় ওই বিকাশ সেন্টার থেকে বাকি টাকা তুলতে গেলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী সদর উপজেলার দক্ষিণ খাইলকুর পলাগাছ এলাকার একটি ভাড়া বাসা থেকে অপর অপহরণকারী সেলিমকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশ ওই বাসা থেকে অপহূত মজনুকে অচেতন অবস্থায় উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. সুজায়েত হোসেন জানান, অপহরণের পর মজনুর বাবা আবদুল খালেক বাদী হয়ে জামালপুরের ইসলামপুর থানায় মামলা করেছেন।