জামালপুর পৌরসভার ট্যাপের পানিতে শ্যাওলা-শামুক
জামালপুর পৌরসভার ভূগর্ভস্থ পানি সরবরাহ পাইপলাইনের পানি (ট্যাপের পানি) দূষিত হয়ে পড়েছে। পচা, দুর্গন্ধময় ওই পানি পান করা, গোসল করা এবং অন্যান্য গৃহস্থালীর কাজে ব্যবহার করা যাচ্ছে না। পৌরসভার কয়েকটি এলাকায় প্রায় তিন মাস ধরে দূষিত পানিই প্রতিদিন তিন বেলা করে সরবরাহ করা হচ্ছে। কিন্তু অসুখ-বিসুখের আশঙ্কায় অন্তত দুই শতাধিক গ্রাহক দূষিত পানি ব্যবহার বন্ধ রেখেছেন। তাঁরা জরুরি ভিত্তিতে পরিষ্কার ও নিরাপদ পানি সরবরাহের দাবি জানিয়েছেন। কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জামালপুর জেলা শাখা মনে করছে, পাইপলাইনে দ্রুত ত্রুটি সারাতে না পারলে আস্তে আস্তে পচা পানি গোটা পৌরসভার পাইপলাইনে ছড়িয়ে পড়তে পারে।সরেজমিনে জানা গেছে, জামালপুর পৌরসভার বজরাপুর সরদারপাড়া মসজিদ এলাকা, বজরাপুর, মুন্সিপাড়া, গেইটপাড়, দড়িপাড়া, ফুলবাড়িয়া, পশ্চিম ফুলবাড়িয়া, স্টেশন রোড ও দয়াময়ী রোড এলাকায় ভূগর্ভস্থ পানি সরবরাহের ব্যবস্থা ভেঙে পড়েছে। পানি সরবরাহ পাইপলাইনে বর্তমানে পানি নয়, যেন নর্দমার দূষিত কাদাযুক্ত পানি পাচ্ছেন গ্রাহকেরা। ওই পানিতে পোকা, ছোট ছোট শামুক, সাদা শ্যাওলা এবং কাদামাটির মতো থকথকে কালো দলার মতো পাওয়া যায়। এ পানি খাওয়া, রান্নাবান্না, কাপড় কাচা ও গোসল কোনো কাজেই ব্যবহার করা যাচ্ছে না। যাঁদের বাসায় নলকূপ নেই তাঁরা আরও বেশি বিপদে পড়েছেন। তাঁদের দূর থেকে বালতি বা কলসিতে পানি টেনে পান ও গৃহস্থালীর অন্যান্য কাজ করতে হচ্ছে। পৌরসভার পানি সরবরাহ শাখার সংশ্লিষ্ট কর্মকর্তারা ৬০ জন গ্রাহকের পানির লাইনে এ সমস্যা দেখা দিয়েছে বলে স্বীকার করেছেন। কিন্তু বাস্তবে অন্তত দুই শতাধিক গ্রাহকের বাসার পানির লাইনে সমস্যা হয়েছে বলে জানা গেছে। পৌরসভার ফুলবাড়িয়া পিটিআই সড়ক এলাকার বাসিন্দা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সুফিয়া আক্তার বলেন, পৌরসভার পানি পান তো দূরের কথা, গোসলই করা যায় না। পানিতে পোকা, ছোট ছোট শামুক, সাদা সাদা শ্যাওলা পাওয়া যায়। একই এলাকার গৃহকর্তা প্রভাষক আসর আলী বললেন, ‘পৌরসভার ট্যাপের পানি আগে খুবই পরিষ্কার এবং খাওয়া যেত। কিন্তু প্রায় তিন মাস ধরে নর্দমার পানির মতো পচা দুর্গন্ধময় পানি পাচ্ছি।’ বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম প্রথম আলোকে বলেন, ‘আমার বাসার ট্যাপের পানিতে ভীষণ গন্ধ। এ বিষয়ে আমাদের কাছে অনেকে অভিযোগ করেছেন। পৌরসভাকেও জানিয়েছি। কিন্তু কোনো কাজে লাগেনি।’কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জামালপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মাসুম আলম খান বলেন, ‘ময়লাযুক্ত হওয়ায় পৌরসভার ট্যাপের পানি খাওয়া যায় না। আমার বাসার সংযোগ অনেক আগেই বিচ্ছিন্ন করে রেখেছি। দ্রুত ত্রুটি সারতে না পারলে আস্তে আস্তে পচা পানি গোটা পৌরসভার পাইপলাইনে ছড়িয়ে পড়তে পারে। তাই এ বিষয়ে পৌর কর্তৃপক্ষের জরুরি নজর দেওয়া দরকার।’ পৌরসভার পানি সরবরাহ শাখার তত্ত্বাবধায়ক মো. শাহাব উদ্দিন বলেন, প্রায় ৬০ থেকে ৭০টি গ্রাহকের বাসায় পানি নিয়ে এ সমস্যা দেখা দিয়েছে। পৌরসভার রেলগেট, মুন্সিপাড়া, দড়িপাড়া, ফুলবাড়িয়া ও পশ্চিম ফুলবাড়িয়া এলাকায় ভূগর্ভস্থ পানি সরবরাহ লাইনে এক মাস ধরে অনুসন্ধান চালানো হচ্ছে। কিন্তু কোন জায়গায় পানির পাইপ ফেটে গেছে বা ত্রুটি হয়েছে তা পাওয়া যাচ্ছে না। আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। পৌরসভার মেয়র শাহ মো. ওয়ারেছ আলী প্রথম আলোকে বলেন, পৌরসভার কয়েকটি এলাকার ট্যাপের পানির খারাপ পরিস্থিতি নিয়ে অনেক গ্রাহক আমার কাছে অভিযোগ করেছেন। সঙ্গে সঙ্গে আমি পৌরসভার পানি সরবরাহ শাখার কর্মকর্তা-কর্মচারীদের সমস্যা খুঁজে বের করে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছি। পৌর পরিষদের সভায় এ বিষয়েও আলোচনা হয়েছে। কোথায় সমস্যা হয়েছে তা বের করতে তাঁরা ভূগর্ভস্থ পানির লাইনে কাজ করছেন।