দেওয়ানগঞ্জে হাতির তাণ্ডব, ফসল তছনছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মাখনেরচর গ্রামে গত মঙ্গলবার সন্ধ্যায় আবারও এক পাল হাতি লোকালয়ে ঢুকে ঘরবাড়ি তছনছ করে। গ্রামবাসীর মশাল জ্বালানো এবং হইচই ও ঢাকঢোল পেটানোর মুখে হাতির পাল গতকাল বুধবার ভোরে পাহাড়ে ফিরে যায়। এর আগে একটানা চার দিন চলে ফসল তছনছ।
গ্রামের কয়েকজন বাসিন্দা প্রথম আলোকে বলেন, মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে কৃষক নূরুজ্জামানের সেচপাম্প মেশিন ও ঘর তছনছ করে হাতির পাল। এ ছাড়া গ্রামের কৃষক জিয়াউর রহমান, বদিউর রহমান ও মোহাম্মদ তারেকের একটি করে সেচপাম্পের মেশিনসহ ঘর তছনছ করে। পরে গ্রামের ভেতরে ঢুকে মজিবুর রহমানের একটি টিনশেড ঘর, জহুরুল ইসলামের দুটি ঘর ও ফরিদ মিয়ার একটি ঘর তছনছ করে। সারা রাত গ্রামে তাণ্ডব চালিয়ে হাতির পাল গতকাল ভোরে ফিরে যায়।
এর আগে একই গ্রামে বন্য হাতির পাল তাণ্ডব চালিয়ে দুটি বসতঘর ও ৫০ বিঘা জমির সরিষা, গম, মসুর ও কালাইয়ের খেত নষ্ট করেছে। গত সোমবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত হাতির পাল এই তাণ্ডব চালায়। বৃহস্পতিবার রাত ১১টার দিকে ৩০-৪০টি হাতির একটি পাল এসে মাখনের চর গ্রামের সরিষা, গম, মসুর, কালাইয়ের খেত নষ্ট করে। আতঙ্কে ওই গ্রামের বাসিন্দারা নির্ঘুম রাত কাটান। হাতির পাল শুক্রবার ভোরে পাহাড়ে ফিরে যায়।
মাখনের চরের নূরুজ্জামান বলেন, গত বছরের অক্টোবর মাসের শেষ সপ্তাহে হাতির পাল রোপা আমনের তিন বিঘা জমির পাকা ধান নষ্ট করেছিল। এ বছর দুই বিঘা জমিতে গম লাগানো হয়েছিল। চার দিনে জমির সব গম হাতির পাল তছনছ করেছে। হাতি যাতে সীমান্তবর্তী গ্রামে ঢুকতে না পারে, সেই জন্য প্রশাসনের কাছে স্থায়ী ব্যবস্থার দাবি জানান তিনি।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, সীমন্তবর্তী গ্রামটিতে বিদ্যুৎ নেই। বিদ্যুতের আলো বুনো হাতির আক্রমণ থেকে রক্ষা পাওয়ার অন্যতম উপায়। তাই গ্রামটিতে বিদ্যুৎ দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে গত বছর দুটি এবং গত পয়লা জানুয়ারিতে আরও দুটি জেনারেটর ওই গ্রামে দেওয়া হয়েছে। হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহযোগিতা দেওয়া হবে।