জামালপুর শহর রক্ষা বাঁধে ভাঙন, ঝুঁকিতে মহাসড়ক
জামালপুরের পুরাতন ফেরিঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের শহর রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কসহ গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা ভাঙনের ঝুঁকিতে পড়েছে। দুই মাস ধরে বাঁধটি ভাঙলেও তা মেরামতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর।
গতকাল বুধবার সকালে সরেজমিনে দেখা যায়, পুরাতন ফেরিঘাট এলাকায় বাঁধটির প্রায় ৭০ মিটার অংশ ভেঙে ধসে গেছে। সৃষ্টি হয়েছে বিশাল গর্তের। সিসি ব্লকসহ বাঁধের মাটি সরে গেছে।
ফেরিঘাট এলাকার বাসিন্দা ইব্রাহিম আলী বলেন, ‘প্রায় দুই মাস আগে বাঁধের ভেতর দিয়ে বৃষ্টির পানি ঢুকে ওই অংশে প্রথমে ছোট একটি গর্তের সৃষ্টি হয়। বৃষ্টির কারণে গত সপ্তাহে বাঁধটির বড় অংশ ধসে পড়ে। এখন বৃষ্টির পানিতে ধস বেড়েই যাচ্ছে। প্রথম দিকে ধস অল্প থাকলেও এখন বড় আকার ধারণ করেছে। মূল নদীর অংশে এমন ভাঙনের কারণে আমরা চিন্তিত। সামনে বর্ষা। এখন নদী পানিতে দ্রুত ভরে যাবে। তখন এই স্থান থেকে পুরো বাঁধটি ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। দুই মাস ধরে বাঁধটির এমন বেহাল অবস্থা হলেও পাউবো মেরামতের উদ্যোগ নেয়নি।’
পাউবোর জামালপুর কার্যালয় সূত্রে জানা যায়, জামালপুর পৌরসভা ভবন, শতবর্ষী জিলা স্কুল, পৌর কমিউনিটি সেন্টার, এলজিইডি ভবন, সার্কিট হাউস, জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ সুপারের (এসপি) বাসভবন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, জজকোর্ট, জেলা পরিষদ ভবন, সদর থানা, এসপির কার্যালয়, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক ভাঙনের হাত থেকে রক্ষায় ২০১৩ সালে শহর রক্ষা বাঁধটি নির্মাণ করা হয়। পুরাতন ফেরিঘাট এলাকার ব্রহ্মপুত্র সেতু থেকে শহরের পাথালিয়া পর্যন্ত এর দৈর্ঘ্য সাড়ে পাঁচ কিলোমিটার। এটি নির্মাণে প্রায় ৫১ কোটি টাকা ব্যয় হয়।
ফেরিঘাট এলাকার আবদুর রশিদ বলেন, এত টাকা ব্যয়ে গুরুত্বপূর্ণ এ বাঁধ তৈরি করা হয়। কিন্তু এটি সংস্কার বা দেখভালে পাউবোর কোনো লোকজনকে দেখা যায় না। যেখানে বাঁধটি ভেঙেছে সেটি মূল নদী। বাঁধটির খুব কাছে ময়মনসিংহ-জামালপুর মহাসড়কসহ কয়েক শ মানুষের বসতঘর। নদীতে পানি আসার সঙ্গে সঙ্গে এই এলাকায় পুরো বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। দ্রুত সময়ের মধ্যে বাঁধটি মেরামত করা দরকার।
জামালপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী নবকুমার চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, ‘গত সপ্তাহে ভাঙা অংশ পরিদর্শন করেছি। ওই অংশটি নদীর মধ্যে হওয়ার কারণে খুব গুরুত্বপূর্ণ। স্থানটি খুব ভালোভাবে মেরামত করতে হবে। এ জন্য সিসি ব্লক লাগবে। সিসি ব্লক তৈরির কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে বাঁধটি সংস্কার করা হবে।’