জামালপুর শহররক্ষা বাঁধ মেরামতের উদ্যোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় মাস আগে জামালপুর শহররক্ষা বাঁধের বেশির ভাগ অংশ ধসে গেলেও এখন পর্যন্ত মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আগামী বর্ষার আগে বাঁধ সংস্কারের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা।
সরেজমিনে দেখা গেছে, দেওয়ানপাড়া এলাকায় বাঁধটির প্রায় সব কংক্রিট উঠে গেছে। বাঁধের ভেতর থেকে বালু বের হয়ে আসছে। ব্রহ্মপুত্র নদে পানি উঠলেই বাকিটুকু ধসে পড়ার আশঙ্কা রয়েছে। বাঁধের পাশে জামালপুর শহরের প্রধান রাস্তা। আর রাস্তার অন্য পাশে রয়েছে জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন সরকারি দপ্তর, বিদ্যালয় ও হাসপাতাল।
দেওয়ানপাড়া এলাকার হানি মণ্ডল বলেন, শুকনো মৌসুম চললেও বাঁধটি মেরামতের জন্য এখনো কাজ ধরা হয়নি। গত বন্যায় দায়সারাভাবে কিছু বালুর বস্তা ফেলা হয়েছিল। কিন্তু বাঁধটি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে আগামী বন্যায় বালুর বস্তা ফেলে রক্ষা না-ও পেতে পারে। বন্যায় যখন গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হতে থাকে, তখন পাউবো বালুর বস্তা ফেলে। কিন্তু শুকনো মৌসুমে কাজ করার জন্য নাকি পাউবো কোনো বরাদ্দ পায় না।
এলাকার নয়জন বাসিন্দা বলেন, ছয় মাস আগে শহররক্ষা বাঁধটি বন্যায় ধসে যায়। সঠিক সময় বাঁধটি সংস্কার না করলে আগামী বর্ষায় জামালপুরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর মধ্যে কমপক্ষে ১১টি হুমকির মুখে পড়বে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো হলো জামালপুর পৌরসভা ভবন, জিলা স্কুল, পৌর কমিউনিটি সেন্টার, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভবন, সার্কিট হাউজ, জেলা প্রশাসকের কার্যালয়, ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতাল, জামালপুর জজকোর্ট, জেলা পরিষদ ভবন, সদর থানা ও পুলিশ সুপারের কার্যালয়।
জামালপুর পাউবো সূত্র জানায়, বাঁধ মেরামতের জন্য সেপ্টেম্বর ২০১৪ সালে ২৫ কোটি টাকার একটি বরাদ্দ চেয়ে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পানি সম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হয়। পাঁচ মাস অতিবাহিত হলেও নকশা অনুমোদন ছাড়া আর কোনো অগ্রগতি হয়নি। নকশায় সিসি ব্লক তৈরি, পেসিং, ডাম্পিং ও রাস্তা নির্মাণের পরিকল্পনা রয়েছে।
জামালপুর সদর উপজেলার পাউবোর সহকারী প্রকৌশলী মো. গোলাম ফারুয়ার জানান, কাজ শুরু করার সব প্রক্রিয়া সম্পন্ন করতে আরও তিন মাস সময় লাগতে পারে। এতে করে আগামী বর্ষার আগে শহররক্ষা বাঁধ মেরামতকাজ করা সম্ভব নয়।