জামালপুর শহরে যত্রতত্র ময়লা-আবর্জনা, দুর্গন্ধ
জামালপুর শহরের বিভিন্ন সড়কে ময়লা-আবর্জনা যত্রতত্র ফেলা হচ্ছে। এতে এসব ময়লা-আবর্জনা চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে তীব্র দুর্গন্ধ ছাড়াচ্ছে। চরম দুর্ভোগের শিকার হচ্ছে বাসিন্দারা। পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী ও স্থানীয় লোকজন নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা না ফেলায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে এই অবস্থার জন্য গণসচেতনার অভাবকেই দায়ী করেছেন পৌর মেয়র।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পৌরসভা সূত্রে জানা গেছে, ময়লা-আবর্জনা ফেলার জন্য পৌরশহরে ১১০টি আস্তাকুঁড় (ডাস্টবিন) থাকলেও এর বেশির ভাগ এখন ভাঙাচোরা। ময়লা ফেলার নির্দিষ্ট জায়গা না থাকায় প্রায় পুরো শহর এখন পরিণত হয়েছে ময়লা-আবর্জনা ভাগাড়ে। বেশ কিছু ডাস্টবিনে ময়লা-আবর্জনায় উপচে পড়ে সড়কে চারদিকে ছড়িয়ে পড়লেও নিয়মিত পরিষ্কার না করায় দুর্গন্ধ তীব্র আকার ধারণ করছে। এ ছাড়া জনদুর্ভোগ থেকে শহরবাসীকে রক্ষায় পৌর কর্তৃপক্ষ প্রায় সোয়া দুই কোটি টাকার একটি বর্জ্য শোধনাগার নির্মাণ করলেও এখনো সেটি উদ্বোধন করা হয়নি। ফলে অপরিকল্পিতভাবে শহরের বিভিন্ন স্থানে ওই সব বর্জ্য ফেলায় পরিবেশ আরও দূষিত হয়ে পড়ছে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, শহরের প্রধান সড়কের ট্রাফিক বক্সের পেছনে, নতুন কলেজ সড়কের তরুছায়া আবাসিক এলাকার সামনে, প্রতিভা স্কুল অ্যান্ড কোচিং সেন্টারসংলগ্ন, নয়াপাড়া তটনী ভিলার সামনে, ইকবালপুর বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে, নতুন কুঁড়ি কোচিং সেন্টারের পাশে, গোলাপবাগ সড়কের বিএম টেকনিক্যাল কলেজের সামনে, নতুন হাইস্কুলসংলগ্ন, স্টেডিয়াম সড়কের কৃষি গবেষণা কেন্দ্রের সামনে, শহীদ হারুন সড়কের গণগ্রন্থাগারের পাশে, মুসলিমাবাদ সড়কের মোড়ে, নতুন হাইস্কুল সড়কের ফটকসংলগ্ন, স্টেশন সড়কের জরিনা মিয়ার উদ্দিন উচ্চবিদ্যালয়ের ফটকসংলগ্ন, লিটনের মোড়, বসাকপাড়া মোড়, বোসপাড়া এলাকা, জামালপুর-ময়মনসিংহ সড়কের ভকেশনাল মোড়, মুকুন্দবাড়ী এলাকাসহ বিভিন্ন সড়কে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে রাখা হয়েছে। ময়লা-আবর্জনা সড়কে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে দুর্গন্ধ বের হচ্ছে। অনেক স্থানে ময়লা-আবর্জনার কারণে সড়ক দিয়ে স্থানীয় লোকজনের চলাচল করতে সমস্যা হচ্ছে।
এলাকার কয়েকজন বাসিন্দা জানান, স্কুল ও কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দুর্গন্ধ থেকে রক্ষা পেতে নাক চেপে ধরে চলাচল করছে। ওয়াজেদ আলী নামের এক বাসিন্দা বলেন, সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গণগ্রন্থাগারের পাশের ময়লা-আবর্জনা রাস্তার চারদিকে ছড়িয়ে পড়ে থাকে ও এসব ময়লা-আবর্জনা বৃষ্টির পানিতে পচে তীব্র দুর্গন্ধ বের হয়। এতে দুর্গন্ধে আশপাশের লোকজনকে ঘরে থাকা দুষ্কর হয়ে পড়ে।
জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের তৃতীয় বর্ষের (সম্মান) ছাত্র মেহেদী হাছান বলেন, সড়কের পাশে পড়ে থাকা ময়লা-আবর্জনার কারণে তাঁদের এ পথে চলাচল করতে খুব সমস্যা হয়। এতে দুর্গন্ধে মাঝেমধ্যে বমি চলে আসে।
জামালপুর পৌরসভার পরিচ্ছন্নতা পরিদর্শক সাকাওয়াত হোসেন বলেন, জনবল সংকটে দ্রুত ময়লা-আবর্জনা শহর থেকে সরিয়ে ফেলতে কিছুটা সমস্যা হচ্ছে।
পৌর মেয়র ওয়ারেছ আলী মামুন বলেন, গণসচেতনতার অভাবে এ সমস্যা হচ্ছে। শহরে ডাস্টবিন থাকার পরও সাধারণ মানুষ বাসাবাড়ির ময়লা-আবর্জনা ডাস্টবিনে না ফেলে রাস্তার ওপরে ও বাড়ির সামনে এবং মোড়ের মধ্যে ফেলে রাখেন। ফলে পরিচ্ছন্নতাকর্মীদের পরিষ্কার করতে সমস্যা হচ্ছে। পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীর সমস্যা সমাধানে কাজ করছেন।