জামালপুর শহরের দশ সড়ক বেহাল

পিচঢালাই উঠে গিয়ে জামালপুর শহরের ১০টি সড়কের অবস্থা আগে থেকেই খারাপ ছিল। বৃষ্টি শুরু হওয়ার পর এগুলোর অবস্থা আরও শোচনীয় হয়েছে। দীর্ঘদিন সংস্কার না করায় এগুলোর এই করুণ দশা হয়েছে। এতে এসব সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে স্থানীয় বাসিন্দারা দুর্ভোগ পোহাচ্ছেন। এ অবস্থায় তাঁরা দ্রুত সড়কগুলো সংস্কার করার দাবি জানিয়েছেন।
স্থানীয় লোকজন জানান, জামালপুর শহরের মালগুদাম, লাঙ্গলজোড়া-গেইটপাড়, ফুলবাড়িয়া-বাগেরহাটা, পালপাড়া-চালাপাড়া, মৃধাপাড়া-লম্বাগাছ, বানিয়াবাজার-ডাকপাড়া, মুকুন্দবাড়ি-ডাকপাড়া চৌরাস্তা, ফুলতলা-বাইপাস, মুকুন্দবাড়ি-বন্দেরবাড়ি ও সিংহজানি হাইস্কুল সড়কের অবস্থা খারাপ। সড়কগুলো দিয়ে প্রতিদিন ১০-১৫ হাজার মানুষ চলাচল করেন।
গত মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা যায়, মালগুদাম সড়কের গেইটপাড় এলাকার ইজিবাইক স্ট্যান্ড মোড় অংশে ছোট-বড় অসংখ্য গর্তে বৃষ্টির পানি জমে আছে এবং রেলস্টেশন পদচারি সেতুর সামনে বিশাল আকারের একটি গর্তের সৃষ্টি হয়েছে। সেখানে হাঁটুসমান বৃষ্টির পানি জমে রয়েছে। প্রায় এক কিলোমিটার সড়কে খানাখন্দ। এই সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছে ইজিবাইক ও রিকশাসহ বিভিন্ন যানবাহন।
ইজিবাইকচালক ফরহাদ মিয়া বলেন, ‘প্রায় তিন-চার মাস ধরে গুরুত্বপূর্ণ এ সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এর মধ্যে বৃষ্টির পানি আমাদের ভোগান্তি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সড়কে থাকা গর্তে পানি জমে ইজিবাইক উল্টে যাওয়ার উপক্রম হয়। এতে মাঝেমধ্যে দুর্ঘটনাও ঘটে।’
দুই কিলোমিটার দীর্ঘ লাঙ্গলজোড়া সড়কের প্রায় এক কিলোমিটারের পিচঢালাই উঠে গেছে। এই অংশে সৃষ্টি হওয়া খানাখন্দগুলোতে হাঁটুসমান বৃষ্টির পানি জমে রয়েছে।
লাঙ্গলজোড়া গ্রামের আবদুল জব্বার প্রথম আলোকে বলেন, বর্ষাকাল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কর্তৃপক্ষ এখনো এটি সংস্কারের কোনো উদ্যোগই নেয়নি। এতে প্রতিদিন কমপক্ষে এক হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন।
বানিয়াবাজার-ডাকপাড়া সড়কে ৪০-৫০টি স্থান ভেঙে ইটের খোয়া বেরিয়ে আছে। সড়কজুড়ে কাদা আর পানি একাকার হয়ে আছে। স্থানীয় বাসিন্দারা জানান, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই এ সড়কে হাঁটুপানি জমে যায়। যানবাহন তো দূরের কথা পথচারীদের হেঁটে চলার উপায় থাকে না। বৃষ্টির পানি জমে সড়কের অনেক স্থানে গর্তের সৃষ্টি হয়েছে।
জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমি নতুন মেয়র হিসেবে পৌরসভার দায়িত্ব নিয়েছি। ওই সব সড়ক সংস্কার করার মতো বাজেট এই মুহূর্তে পৌরসভায় নেই। তবে অন্য কোনো প্রকল্প করে হলেও দ্রুত সময়ের মধ্যে ওই সব সড়ক সংস্কারের ব্যবস্থা করা হবে।’