জামালপুরে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর সদর উপজেলার টিউবওয়েলপাড় গ্রামে অগ্নিদগ্ধ হয়ে আনোয়ারা বেগম নামের এক বৃদ্ধা মারা গেছেন।
এ ছাড়া একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। গতকাল সোমবার এ ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধরা হলেন গৃহবধূ মোর্জিনা বেগম, তাঁর স্বামী আসাদ আলী এবং বিলকিস বেগম। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মোর্জিনা রান্না করার জন্য কেরোসিন দিয়ে চুলায় আগুন ধরাতে যান।
হঠাৎ তাঁর শরীরে আগুন ধরে যায়। এ সময় তাঁকে বাঁচাতে গিয়ে তাঁর স্বামী আসাদ, শাশুড়ি আনোয়ারা বেগমসহ (৬৫) মোট চারজন দগ্ধ হন।
এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় মোর্জিনা ও আনোয়ারাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আনোয়ারাকে ঢাকায় নেওয়ার পথে তিনি বিকেল পাঁচটার দিকে মারা যান।