জামালপুরে অটোরিকশায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু

জামালপুরের ইসলামপুর উপজেলার গুঠাইল সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার মোটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার দেনুয়ার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত ওই কিশোরীর নাম রোজিনা আক্তার (১৪)। সে উপজেলার বেলগাছা ইউনিয়নের মুন্নিয়ারচর গ্রামের মহর উদ্দিনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক সপ্তাহ ধরে রোজিনা আক্তার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। চিকিৎসা শেষে আজ দুপুরে খালার সঙ্গে রোজিনা ময়মনসিংহ থেকে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে ইসলামপুর স্টেশনে আসে। সেখান থেকে গুঠাইল যাওয়ার জন্য খালা-ভাগনি অটোরিকশায় ওঠে। তারা ইসলামপুর পৌর শহরের দেনুয়ার মোড় এলাকায় পৌঁছালে রোজিনার গলায় থাকা ওড়না অটোরিকশার মোটরের সঙ্গে পেঁচিয়ে যায়। এ সময় গলা থেকে মাথা আলাদা হয়ে ঘটনাস্থলেই রোজিনার মৃত্যু হয়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থালে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।