জামালপুরে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের ছয়টি উপজেলার ২৩১টি বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে। বোর্ড ও কেন্দ্র ফি সর্বোচ্চ ১ হাজার ৪৪৫ টাকা হলেও বিদ্যালয়গুলোতে তিন হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে।
বিভিন্ন বিদ্যালয় সূত্র জানায়, আসন্ন এসএসসি পরীক্ষার ফরম পূরণে বোর্ড ও কেন্দ্র ফি মিলিয়ে বিজ্ঞান বিভাগে ১ হাজার ৪৪৫ টাকা এবং মানবিক ও বাণিজ্য বিভাগে ১ হাজার ৩৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। কিন্তু বিদ্যালয়ভেদে এ ফি দুই হাজার থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।
জেলা প্রশাসক শাহাবুদ্দিন খান বলেন, অতিরিক্ত ফি নেওয়ার বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অতিরিক্ত ফি নেওয়ার বিষয়টি প্রমাণিত হলে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
যেসব বিদ্যালয়ে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো ইসলামপুর উপজেলার জে জে কে এম স্কুল অ্যান্ড কলেজ, নেকজাহান পাইলট মডেল, বলিয়াদহ, উলিয়া এ এম, বেলগাছা বালিকা, জামালপুর সদরের শ্রীরামপুর বহুমুখী, শরিফপুর, গোদাশিমলা, শাহজামাল, মেলান্দহের হাজরাবাড়ী বালিকা, হাজরাবাড়ী, বকশীগঞ্জের নিলক্ষিয়া আর জে পাইলট, সারমারা নাসির উদ্দিন, ধানুয়া কামালপুর কো-অপারেটিভ ও সাধুরপাড়া নজরুল ইসলাম উচ্চবিদ্যালয়।