জামালপুরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর থেকে ময়মনসিংহে যাওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশার চালকেরা কর্মস্থলমুখী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিন দিন ধরে এই অব্যবস্থাপনা চলছে।
কয়েকজন যাত্রী জানান, এখন যাত্রী বেশি, যানবাহনের সংখ্যা কম। এই সুযোগ কাজে লাগাচ্ছেন অটোরিকশাচালকেরা। জামালপুর থেকে ময়মনসিংহের যাওয়ার জন্য অটোরিকশার ভাড়া ১২০ টাকা। যাত্রীদের কাছ থেকে তাঁরা হাতিয়ে নিচ্ছেন দুই-তিন গুণ ভাড়া। ১২০ টাকার স্থলে তাঁরা নিচ্ছেন ২৫০ থেকে ৩০০ টাকা করে। কোনো উপায় না থাকায় বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়ে যেতে হচ্ছে তাঁদের।
জামালপুর জেলা সিএনজিচালিত অটোরিকশা অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়, জামালপুর থেকে ময়মনসিংহের দূরত্ব ৫৫ কিলোমিটার। যানজট না থাকলে অটোরিকশায় ময়মনসিংহ যেতে এক ঘণ্টা ও যানজট থাকলে এক ঘণ্টা ২০ মিনিট লাগে। প্রতিদিন জামালপুর থেকে ময়মনসিংহে ৮০টি অটোরিকশা চলাচল করে। ঈদ ছাড়া প্রত্যেক যাত্রীর ভাড়া ১২০ টাকা।
জামালপুর শহরের পাথালিয়া এলাকার মো. আরিফ মিয়া বলেন, ‘জামালপুরে ভালো মানের বাস সার্ভিস না থাকায় ময়মনসিংহ থেকে ঢাকায় যেতে হবে। প্রায় দুই ঘণ্টা ধরে পরিবার নিয়ে অটোরিকশার জন্য অপেক্ষা করছি। ময়মনসিংহে যেতে ড্রাইভাররা ভাড়া যাচ্ছেন ৩০০ টাকা করে। ১২০ টাকার ভাড়া ঈদ উপলক্ষে ১৫০ থেকে ২০০ টাকা নিতে পারে। তাই বলে ৩০০ টাকা নিবে!’
ইসলামপুর থেকে আসা বিপুল মিয়া নামের এক যাত্রী বলেন, ‘জামালপুর থেকে সরাসরি ঢাকায় যাওয়ার জন্য বাস বা অন্য কোনো যানবাহন না থাকায় ময়মনসিংহ থেকে ঢাকায় যেতে হবে। কিন্তু অটোরিকশা টার্মিনালে এসে হতবাক হয়ে গেলাম। একজন ড্রাইভারকে ভাড়ার কথা জিজ্ঞেস করতেই তিনি ৩০০ টাকা চান। তাই ঘণ্টা খানেক ধরে দাঁড়িয়ে আছি। বুঝতে পারছি না কী করব।’
সিএনজিচালিত অটোরিকশাচালক রাসেল বলেন, ‘গাড়িতে গ্যাস ভরার জন্য সকাল ছয়টায় সিএনজি পাম্পে গিয়েছিলাম। প্রায় পাঁচ ঘণ্টা পর গাড়িতে গ্যাস নিতে পেরেছি। এখন একটি ট্রিপ নিয়ে গেলে সারা দিনের কাম শেষ। তাই ভাড়া একটু বেশিই নিতে হবে। এ ছাড়া ঈদ উপলক্ষে বিভিন্ন জায়গায় মালিক সমিতির নামে নির্ধারিত চাঁদার চেয়ে ১০ টাকা করে বেশি দিতে হচ্ছে।’
জামালপুর জেলা সিএনজিচালিত অটোরিকশা অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের সদস্য আনোয়ার হোসেন ভাড়া বেশি নেওয়ার কথা স্বীকার করে বলেন, ঈদ উপলক্ষে যাত্রীর চাপ বেশি। অন্যদিকে জামালপুর শহরে সিএনজি পাম্প মাত্র একটি। তাই গ্যাস নিতে ওই পাম্পে গেলে পাঁচ-ছয় ঘণ্টা লেগে যায়। সারা দিনে একটি গাড়ি একবার (আসা-যাওয়া) আপডাউনের বেশি ভাড়া মারতে পারে না। তাই চালকেরা একটু বেশি ভাড়া নিচ্ছেন। তবে আগামীকাল থেকে ভাড়া আর বেশি নেওয়া হবে না।
জামালপুর জেলা সিএনজিচালিত অটোরিকশা অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক নজরুল ইসলাম বলেন, ‘ভাড়া বেশি নেওয়ার বিষয়টি আমি জানি না। তবে কেউ বাড়তি ভাড়া নিয়ে থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং বাড়তি ভাড়া আদায় বন্ধ করা হবে।’
জামালপুর ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. মাহবুবুর রহমান জানান, এ ব্যাপারে তাঁদের কাছে কেউ অভিযোগ করেননি। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।