সিএনজিচালিত অটোরিকশায় জামালপুর থেকে ময়মনসিংহ এবং বাসে জামালপুর থেকে ঢাকা যেতে কর্মস্থলমুখী যাত্রীদের অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে। অটোরিকশা ও বাসচালকেরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঈদের দ্বিতীয় দিন থেকে চলছে এই অব্যবস্থাপনা। স্থানীয় প্রশাসন অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না।
জামালপুর জেলা সিএনজিচালিত অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়, জামালপুর থেকে ময়মনসিংহের দূরত্ব ৫৫ কিলোমিটার। যানজট না থাকলে অটোরিকশায় ময়মনসিংহ যেতে এক ঘণ্টা ও যানজট থাকলে দেড় ঘণ্টা লাগে। প্রতিদিন জামালপুর থেকে ময়মনসিংহে ৮০টি অটোরিকশা চলাচল করে। ঈদ ছাড়া প্রত্যেক যাত্রীর ভাড়া ১২০ টাকা।
জামালপুর জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়, জামালপুর থেকে ঢাকার দূরত্ব ১৯৫ কিলোমিটার। যানজট না থাকলে রাজীব পরিবহনের বাসে যেতে প্রায় পাঁচ ঘণ্টা ও যানজট থাকলে ছয় ঘণ্টা লাগে। প্রতিদিন জামালপুর থেকে ঢাকায় ৪০টি বাস চলাচল করে। ঈদ ছাড়া প্রত্যেক যাত্রীর ভাড়া ৩০০ টাকা।
কয়েকজন যাত্রী জানান, ঈদের দ্বিতীয় দিন যাত্রীদের সংখ্যা বেশি হওয়ায় এবং যানবাহন কম থাকার অজুহাত দেখিয়ে চালকেরা ১২০ টাকার স্থলে যাত্রীদের কাছ থেকে ৩০০ টাকা করে নিচ্ছেন। স্বাভাবিক সময়ে জামালপুর থেকে ঢাকায় চলাচলকারী রাজীব পরিবহনের প্রত্যেক যাত্রী ৩০০ টাকা করে ভাড়া দিতেন। কিন্তু এখন ওই পরিবহনের চালকেরা প্রত্যেক যাত্রীর কাছ থেকে ৩০০ টাকার স্থলে ৫০০ থেকে ৬০০ টাকা করে নিচ্ছেন। এখন প্রতিদিন অটোরিকশা ও বাসে কমপক্ষে ১০ হাজার যাত্রী জামালপুর থেকে কর্মস্থল ঢাকায় যাচ্ছেন। অনেকে অটোরিকশায় জামালপুর থেকে ময়মনসিংহ হয়ে পরে ট্রেন অথবা বাসে ঢাকায় যাচ্ছেন।
জামালপুর শহরের বজ্রাপুর গ্রামের আইরিন সুলতানা বলেন, ‘আমার নানাবাড়ি ময়মনসিংহ শহরে। পরিবারের সবাই ময়মনসিংহে যাওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ডে আসছি। প্রায় এক ঘণ্টা ধরে অপেক্ষা করছি। কিন্তু কোনো চালক ৩৫০ থেকে ৪০০ টাকার কমে যাবে না। চালকেরা যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত টাকা নিচ্ছেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কেউ ভাড়া নিয়ন্ত্রণের উদ্যোগ নেয়নি।’
জামালপুর সদর উপজেলার শাহবাজপুর এলাকার রনি মিয়া বলেন, ‘ট্রেনের টিকিট না পাওয়ায় বাধ্য হয়ে বাসে কর্মস্থল ঢাকায় যেতে হবে। কিন্তু রাজীব পরিবহনের বাস কাউন্টারে এসে শুনি যাত্রীপ্রতি ভাড়া ৫০০ থেকে ৬০০ টাকা করে নেওয়া হচ্ছে। অথচ স্বাভাবিক সময়ে ভাড়া মাত্র ৩০০ টাকা। এখানে অতিরিক্ত প্রায় ৩০০ টাকা করে আদায় করা হচ্ছে। অন্য কোনো যানবাহন না থাকায় বাধ্য হয়েই অতিরিক্ত ভাড়া দিয়ে যেতে হবে।’
অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়ে জানতে রাজীব পরিবহনের মালিক ও জামালপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি মো. ফারুক আহম্মেদ চৌধুরীর মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি তা ধরেননি।
জামালপুর জেলা সিএনজিচালিত অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক নজরুল ইসলাম বলেন, ঈদের আগেই অটোরিকশার চালকদের অতিরিক্ত ভাড়া আদায় না করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু ওই নির্দেশ না মানায় তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান বলেন, ‘আমি এ ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।’