জামালপুরে অধ্যক্ষের ওপর সন্ত্রাসী হামলা
জামালপুরের সরিষাবাড়ীর আরামনগর কামিল মাদ্রাসার অধ্যক্ষ নুরুল হুদা আবেদীর হাত ও পা ভেঙে দেওয়া হয়েছে এবং তাঁকে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল মঙ্গলবার ওই মাদ্রাসার উপাধ্যক্ষসহ কয়েকজন শিক্ষক ও ভাড়াটে সন্ত্রাসী তাঁর ওপর এই হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অধ্যক্ষের পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অধ্যক্ষ নুরুল হুদা ও উপাধ্যক্ষ আবদুর রশিদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে গতকাল বেলা ১১টায় রশিদ, প্রভাষক শামীম হুসাইনসহ কয়েকজন শিক্ষক ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে অধ্যক্ষের ওপর হামলা চালান। হামলার সময় অধ্যক্ষ নিজ কার্যালয়ে ছিলেন। শিক্ষক ও সন্ত্রাসীরা লোহার রড দিয়ে পিটিয়ে তাঁর ডান পা ও দুই হাত ভেঙে দিয়েছে। এ ছাড়া তারা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে। কিছুক্ষণ পর মাদ্রাসার কর্মচারীরা তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে উপাধ্যক্ষ আবদুর রশিদসহ ২০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।