জামালপুরে আ. লীগের ২২ নেতা বহিষ্কার
পৌরসভা নির্বাচনে ‘বিদ্রোহী প্রার্থীর’ পক্ষে কাজ করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামালপুরের ইসলামপুর পৌরসভায় দলের ২২ নেতাকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। আজ শনিবার জেলা আওয়ামী লীগ এ বহিষ্কারাদেশ দেয়।
বহিষ্কার হওয়া নেতাদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জিয়াউল হক এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি শফিকুল আলম অন্যতম। তবে তাৎক্ষণিকভাবে বাকি ১৮ নেতার নাম জানা যায়নি।
দলীয় সূত্র জানায়, ইসলামপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল কাদের শেখ। আর স্বতন্ত্রভাবে মেয়র পদপ্রার্থী হিসেবে নির্বাচন করছেন উপজেলা কৃষক লীগের সাবেক সদস্য সাজেদ মোশারফ। তিনি এলাকায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে পরিচিত। নির্বাচনে তাঁর সমর্থনে প্রচারণা চালাচ্ছেন দল ও এর অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতা। এর মধ্যে ২২ জনকে চিহ্নিত করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দল থেকে বহিষ্কার করা হয়।
জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ বাকী বিল্লাহ্ এ বহিষ্কারাদেশের সত্যতা নিশ্চিত করেছেন।
জানতে চাইলে বহিষ্কার হওয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জিয়াউল হক প্রথম আলোকে বলেন, ‘আমি বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করিনি। দলীয় শৃঙ্খলাও ভঙ্গ করিনি। আমাকে কেন বহিষ্কার করা হলো জানি না।’