জামালপুরে আ.লীগের বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চম ধাপের নির্বাচনে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নে কুঠারচর ইবতেদায়ি মাদ্রাসা কেন্দ্রের ব্যালট পেপার ছিনতাই, পুলিশ সদস্য ও নির্বাচনী কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাজাহান মিয়াসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ রোববার সকালে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আসাদুজ্জামান এ মামলাটি করেন।
পুলিশ ও নির্বাচন–সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল ওই ইউনিয়নের কুঠারচর ইবতেদায়ি মাদ্রাসা কেন্দ্রে শুরু থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছিল। কিন্তু সকাল সাড়ে দশটার দিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাজাহান মিয়ার প্রায় দেড় হাজার সমর্থক তির-বল্লম ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই কেন্দ্রে হামলা চালান। তখন তাঁরা ব্যালট পেপার ছিনতাই, পুলিশ সদস্য ও নির্বাচনী কর্মকর্তাদের ওপর হামলা চালিয়ে ওই কেন্দ্রটি ভাঙচুর করেন। এতে পাঁচজন পুলিশ সদস্যসহ নির্বাচনী কাজে নিয়োজিত কয়েকজন আহত হন। এ ঘটনায় আজ মামলা হয়। মামলায় অজ্ঞাতনামা ৫০০ জনকেও আসামি করা হয়েছে।
দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান প্রথম আলোকে বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।