জামালপুরে আন্তস্কুল বিতর্ক উৎসব অনুষ্ঠিত
‘বিতর্কে আলোর পথ’ এই স্লোগান সামনে রেখে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক আন্তস্কুল বিতর্ক উৎসব গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। জামালপুর জেলা পুলিশ, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও প্রথম আলো বন্ধুসভার যৌথ উদ্যোগে জামালপুর জিলা স্কুল মিলনায়তনে এ আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় সরিষাবাড়ী উপজেলার যমুনা সার কারখানা মাধ্যমিক উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। রানারআপ হয়েছে জামালপুর জিলা স্কুল। শ্রেষ্ঠ বিতার্কিকের পুরস্কার জিতেছে চ্যাম্পিয়ন দলের নেতা শাহ সাকিব সোবহান।
জামালপুরের ১৬টি সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজ সকাল সাড়ে আটটার মধ্যে বিতর্ক উৎসবের ভেন্যুতে উপস্থিত হয়ে নিবন্ধন ফরম পূরণ করে। নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ে লটারির মাধ্যমে পক্ষ-বিপক্ষ দল নির্ধারণ করা হয়। পরে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দফা শেষে চূড়ান্ত লড়াইয়ে পৌঁছায় সরিষাবাড়ী উপজেলার যমুনা সার কারখানা মাধ্যমিক উচ্চবিদ্যালয় ও জামালপুর জিলা স্কুল।
উৎসবে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মো. নিজাম উদ্দিন, প্রথম আলো বন্ধুসভার জাতীয় কমিটির সভাপতি সাইদুজ্জামান রওশন, জাতিসংঘ জনসংখ্যা তহবিলের জামালপুরে জেন্ডার-বিষয়ক কর্মকর্তা আকলিমা জেসমিন প্রমুখ।
বিতর্ক প্রতিযোগিতায় বিচারকমণ্ডলীর দায়িত্বে ছিলেন ছিলেন জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের বাংলা বিভাগের শিক্ষক আবদুল হাই আল হাদী, সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষক হেদায়েতুল ইসলাম, প্রথম আলো বন্ধুসভার জামালপুরের উপদেষ্টা মো. রফিকুল ইসলাম, বন্ধুসভার উপদেষ্টা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, জামালপুর জিলা স্কুলের সহকারী শিক্ষক ও প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা হিশাম আল মাহান্নাভ, জামালপুর বন্ধুসভার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রহমান প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, বিতর্কের মাধ্যমে নতুন প্রজন্ম নিজেদের ভবিষ্যতের যোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে পারে। তাই শিক্ষাজীবনের শুরুতেই বিতর্কচর্চা শুরু করতে হবে।