জামালপুরে ইউপি নির্বাচন আজ থেকে
জামালপুর জেলায় আজ শনিবার থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ শুরু হচ্ছে। জেলার সাতটি উপজেলার মধ্যে আজ জামালপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জামালপুর সদরের কেন্দুয়া, মেষ্টা, তিতপল্লা, রানাগাছা, শরিফপুর, শাহবাজপুর, দিগপাইত, রশিদপুর, লক্ষ্মীচর, তুলশীরচর, শ্রীপুর, নরুন্দি, বাঁশচড়া, ঘোড়াধাপ ও ইটাইল ইউনিয়নে আজ ভোট গ্রহণ করা হবে। সদরের ১৫টি ইউনিয়নে তিন লাখ সাত হাজার ২১২ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে চেয়ারম্যান পদে ১০৮ জন, সংরক্ষিত মহিলা সদস্যপদে ১৯৫ জন এবং সাধারণ সদস্যপদে ৬০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলমগীর প্রথম আলোকে বলেছেন, সদর উপজেলার কয়েকটি ইউনিয়নে প্রার্থী ও তাঁদের সমর্থকদের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে।ভারপ্রাপ্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহমুদুল আলম জানান, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলার বাকি ছয়টি উপজেলার মধ্যে মেলান্দহ উপজেলার ১১টি ইউনিয়নে ৭ জুন, ইসলামপুর উপজেলার ছয়টি ইউনিয়নে ১১ জুন, মাদারগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়নে ১৪ জুন, বকশীগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়নে ১৮ জুন, দেওয়ানগঞ্জ উপজেলার আটটি ইউনিয়নে ২১ জুন এবং সরিষাবাড়ী উপজেলার আটটি ইউনিয়নে ২৫ জুন ভোট গ্রহণ করা হবে।