জামালপুরে ইজিবাইক নিয়ন্ত্রণহীন, তীব্র জট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর শহরে দুই হাজার ব্যাটারিচালিত ইজিবাইক চলাচলের অনুমতিপত্র (লাইসেন্স) দিয়েছে পৌর কর্তৃপক্ষ। কিন্তু চলাচল করছে পাঁচ হাজারের বেশি। এ কারণে প্রতিদিনই তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তি পোহাতে হয় শহরের বাসিন্দাদের।
সরেজমিনে দেখা গেছে, শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে জেনারেল হাসপাতাল পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তায় সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত যানজট লেগেই থাকে। এ সড়ক দিয়ে দূরপাল্লার বাস-ট্রাকসহ সব ধরনের যানবাহন চলাচল করে। এতে শহরের রেল গেট পাড়, শফিমিয়ার বাজার মোড়, দয়াময়ী মোড়, কথাকলি মার্কেট এলাকা, বাইপাস মোড়, তমালতলা মোড়, সকাল বাজার বড় মসজিদ মোড় ও আদালতের সামনে প্রায় সব সময় তীব্র যানজট লেগে থাকে।
পৌরসভা সূত্রে জানা গেছে, ২০১০ সাল থেকে জামালপুর শহরে ব্যাটারিচালিত ইজিবাইক চলাচল শুরু করে। ইতিমধ্যে ইজিবাইকের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে গেছে। গত বছর সিদ্ধান্ত হয় পৌর শহরে সনদপ্রাপ্ত দুই হাজার ইজিবাইক চলাচল করবে। পৌর কর্তৃপক্ষ দুই হাজার ইজিবাইকের অনুমতিপত্র দিয়েছে।
শহরের গেট পাড় এলাকার মুদি দোকানি শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, দোকানের মালামাল কিনতে দেড় কিলোমিটার দূরে সকাল বাজারে যেতে হয়। আগে এই বাজারে যেতে সময় লাগত ১০ মিনিট। এখন সময় লাগে এক ঘণ্টারও বেশি। একমাত্র এ সড়ক দিয়ে দক্ষিণ থেকে উত্তর অঞ্চলে যেতে তীব্র যানজটের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। অনেক ইজিবাইক থাকায় এ যানজট হচ্ছে। কিন্তু ইজিবাইক নিয়ন্ত্রণে প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি।
জামালপুর নগর উন্নয়ন কমিটির সদস্য জাহাঙ্গীর সেলিম বলেন, বিভিন্ন সময় প্রশাসনের লোকজন যানজট নিরসনের বিষয়ে আলোচনা করেছেন। কিন্তু বাস্তবায়ন করা হয়নি।
পৌরসভার লাইসেন্স পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, ‘শহরের যানজট নিরসনে দুই হাজার ইজিবাইকের অনুমতিপত্র দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে অনুমতিপত্রহীন ইজিবাইক জব্দ করা হয়। কিন্তু রাজনৈতিক নেতাদের তদবিরের কারণে এসব ইজিবাইক দিয়ে দিতে হয়।
পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম খান বলেন, ইজিবাইক জব্দ করলে চালকেরা আন্দোলন করেন। পৌরসভা ঘেরাও করেন। তবে পৌর শহরের যানজট নিরসনে কঠোর অবস্থান নেওয়া হবে। ফুটপাত তুলে দেওয়ারও ব্যবস্থা করা হবে।