জামালপুরে উত্তরা ব্যাংক থেকে ৪৫ লাখ টাকা চুরি
জামালপুরে উত্তরা ব্যাংক থেকে গত বুধবার রাতে প্রায় ৪৫ লাখ টাকা চুরি হয়েছে। দুর্বৃত্তরা ব্যাংকের নিরাপত্তাকর্মীদের সঙ্গে যোগসাজশ করে এ ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে। পুলিশ ব্যাংকের একজন নৈশপ্রহরী ও চারজন নিরাপত্তাকর্মীকে আটক করেছে।ব্যাংক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গতকাল বৃহস্পতিবার কর্মকর্তা ও কর্মচারীরা সকালে ব্যাংকে গিয়ে কাজে যোগ দেন। এ সময় ব্যাংকের ব্যবস্থাপক আবুল হোসেন তাঁর কক্ষে গিয়ে টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন, টেবিলের ড্রয়ার, সিন্দুক ও আলমারির তালা খোলা এবং নথিপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে ভল্ট কক্ষে গিয়ে দেখেন ভল্টের তালা খোলা, সেখানে কোনো টাকা নেই।খবর পেয়ে পুলিশ সুপার আবদুর রাজ্জাক ও অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী ঘটনাস্থলে ছুটে যান। তাঁরা তাৎক্ষণিক ব্যাংকের অস্ত্রধারী নৈশপ্রহরী রমিজ উদ্দিন এবং নিরাপত্তাকর্মী সাইফুল ইসলাম, আলমগীর হোসেন, সোলায়মান ও সেলিমকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে তাঁরা ভল্ট থেকে টাকা চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে তাঁদের আটক করে সদর থানায় নিয়ে যাওয়া হয়।পুলিশ সুপার আবদুর রাজ্জাক জানান, আটক হওয়া ব্যক্তিরা টাকা চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। বাইরের একটি চক্র তাঁদের দিয়ে টাকা চুরি করিয়েছে। তাঁরা কয়েকজনের নামও বলেছেন। তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা যাচ্ছে না। চক্রটিকে গ্রেপ্তার ও টাকা উদ্ধারের চেষ্টা চলছে।ব্যাংকের ব্যবস্থাপক আবুল হোসেন জানান, ভল্ট থেকে ৪৪ লাখ ৯৭ হাজার ৭৭৩ টাকা লুট হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।