জামালপুরে উত্ত্যক্ত করার দায়ে যুবককে কারাদণ্ড
জামালপুরের ইসলামপুর উপজেলায় বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত (ইভ টিজিং) করার দায়ে গতকাল বৃহস্পতিবার সুজন নামের বখাটে এক যুবককে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।জানা যায়, ইসলামপুর পৌরসভার কাছারি এলাকায় গতকাল সকালে এক ছাত্রীকে উত্ত্যক্ত করেন সুজন। এ সময় তিনি মেয়েটির হাত ধরে টানাহেঁচড়াও করেন। পরে আশপাশের লোকজন ছুটে গিয়ে সুজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মনিরুল ইসলাম থানায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সুজনকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন। সুজন আদালতের কাছে দোষ স্বীকার করেছেন।এদিকে ময়মনসিংহের নান্দাইলে কলেজের এক ছাত্রীকে লাঞ্ছিত করার পাঁচ দিনেও বখাটেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। জানা গেছে, নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ কলেজের ওই ছাত্রীকে বেশ কিছু দিন ধরে উত্ত্যক্ত করছিলেন বখাটে যুবক সোহেল। গত রোববার মেয়েটিকে প্রেমের প্রস্তাব দেন তিনি। এতে রাজি না হলে প্রথমে কলেজ প্রাঙ্গণে ও পরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে লাঞ্ছিত করেন সোহেল ও তাঁর বন্ধু মাসুদ।নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহিদুল ইসলাম বলেন, ‘ঘটনাটি বুধবার রাতে জেনেছি। পত্রিকায় বখাটেদের নাম এসেছে। তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’নাম প্রকাশ না করার শর্তে কলেজের একাধিক শিক্ষক ও শিক্ষার্থী জানান, বহিরাগত বখাটেরা প্রায়ই কলেজ প্রাঙ্গণে ছাত্রীদের উত্ত্যক্ত করছে। মাঝেমধ্যে তারা শ্রেণীকক্ষেও ঢুকে পড়ে।