জামালপুরে ঋষিপাড়া দুর্গামন্দিরের প্রতিমা ভাঙচুর
জামালপুরের গোপালপুর ঋষিপাড়া দুর্গামন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা গত মঙ্গলবার গভীর রাতে মন্দিরের ভেতরে ঢুকে প্রতিমা ভাঙচুর করে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের গোপালপুর পূর্ববাজার এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ৩০ সেপ্টেম্বর থেকে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হবে।
ঋষিপাড়া পূজামণ্ডপে মঙ্গলবার প্রতিমা তৈরির কারিগরেরা দিবাগত রাত একটা পর্যন্ত কাজ করে বাড়ি চলে যান। পরে দুর্বৃত্তরা তৈরি করা ছয়টি প্রতিমার বিভিন্ন অঙ্গ ভাঙচুর করে।
ঋষিপাড়া দুর্গামন্দিরের সভাপতি বিকাশ বাবু বলেন, গত বুধবার সকালে মন্দিরে এসে প্রতিমাগুলো ভাঙা অবস্থায় পাওয়া যায়। ভাঙাচুরের ঘটনায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।
খবর পেয়ে জামালপুরের পুলিশ সুপার (এসপি) নজরুল ইসলাম ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম কিবরিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনার পর থেকে গোপালপুর বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান মজুমদার বলেন, ভেঙে ফেলা প্রতিমাগুলো কারিগর দিয়ে মেরামত করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।