জামালপুরে এক কলেজে দুজন অধ্যক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর সদর উপজেলার নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজে দুজন অধ্যক্ষ। একজন সম্প্রতি নতুন নিয়োগপ্রাপ্ত, অন্যজন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)। তাঁরা দুজনে প্রতিদিন নিয়মিত কলেজে আসেন। তবে অধ্যক্ষের চেয়ারে বসেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. আশরাফ হোসেন।মো. আশরাফ হোসেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতির পদেও রয়েছেন।

এলাকার কয়েকজন বাসিন্দা ও কলেজ সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২৮ ডিসেম্বর আশরাফ হোসেনের চাকরির ৬০ বছর পূর্ণ হয়। তিনি আবেদন করে তাঁর চাকরির মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়ে নেন। পরে তিনি ২০১৩ সালের জুলাই মাসে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নেন। ২০১৭ সালের ২৮ ডিসেম্বর তাঁর ৬৫ বছর পূর্ণ হয়। এতে ওই পদ শূন্য হয়। ফলে এ বছরের ১৩ ফেব্রুয়ারি ওই কলেজের অধ্যক্ষ পদে মো. দেলওয়ার হোসেনকে নতুন নিয়োগ দেওয়া হয়। নতুন অধ্যক্ষ কলেজের দাপ্তরিক সব কাজকর্ম করলেও তাঁর চেয়ারে এখনো বসতে পারেননি। অবসরপ্রাপ্ত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ওই চেয়ারে নিয়মিত বসেন। অধ্যক্ষের টেবিলের বাঁ পাশে নতুন অধ্যক্ষ বসে দাপ্তরিক কাজকর্ম করেন। ফলে ওই কলেজে এখন কে অধ্যক্ষ বোঝা মুশকিল।

ওই কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল ইসলামকে অধ্যক্ষের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘নতুন একজন অধ্যক্ষ নিয়োগ হয়েছে। তবে আপনারা কি কলেজের শিক্ষক নিয়োগের বিষয়ে এসেছেন? তাহলে আশরাফ স্যারের সঙ্গে যোগাযোগ করেন।’

গতকাল শনিবার বেলা ১১টার দিকে কলেজে গিয়ে দেখা যায় অধ্যক্ষের সাইনবোর্ডে এখনো আশরাফ হোসেনের নাম। কক্ষেও অধ্যক্ষের চেয়ারে বসে রয়েছেন মো. আশরাফ হোসেন। টেবিলের বাঁ পাশে অন্য একটি চেয়ারে বসে রয়েছেন নতুন অধ্যক্ষ মো. দেলওয়ার হোসেন। এ সময় ওই কলেজের অফিস সহকারী দেলুয়ার হোসেন ওরফে মানিক উত্তেজিত হয়ে এই প্রতিবেদককে বলেন, ‘আমি একজন সরকারদলীয় নেতা। অধ্যক্ষের চেয়ারে কে বসবেন, এটা আমরা ঠিক করব। স্যার (অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ) যত দিন মন চায় তিনি বসবেন। আমরা তাঁকে রেজল্যুশন করে রেখেছি।’

এ ব্যাপারে জানতে চাইলে নতুন নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ দেলওয়ার বলেন, ‘তিনি (মো. আশরাফ হোসেন) আমার স্যার ছিলেন। আমি নতুন মানুষ, কলেজের এখনো অনেক কাজ তাঁর কাছ থেকে বুঝে নিচ্ছি।’ আপনার চেয়ারে তিনি (আশরাফ) বসেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তাঁকে সম্মান করে ওই চেয়ারে বসতে দিয়েছি।’ নিয়োগ পাওয়ার পর কি আপনে এখন পর্যন্ত ওই চেয়ারে বসতে পেরেছেন-এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনো আমি ওই চেয়ারে বসিনি। দ্রুত সময়ের মধ্যে নেমপ্লেটের নাম পরিবর্তন করা হবে।’

এ ব্যাপারে মো. আশরাফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘একজন নতুন অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। তাঁকে (নতুন অধ্যক্ষ) সহযোগিতার জন্য কলেজের ব্যবস্থাপনা কমিটি রেজল্যুশন করে আগামী জুন মাস পর্যন্ত আমাকে কলেজে আসার দায়িত্ব দিয়েছেন। কিন্তু দাপ্তরিক কোনো কাগজপত্রে আমি স্বাক্ষর করি না।’

এ ব্যাপারে জানতে গতকাল বেলা আড়াইটার দিকে কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জামালপুর-৫ আসনের সাংসদ রেজাউল করিমের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি তা ধরেননি।