জামালপুরে একই জায়গায় বিএনপি ও যুবলীগ সম্মেলন ডাকায় ১৪৪ ধারা
জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নে একই স্থানে বিএনপি ও যুবলীগ সম্মেলন ডাকায় গতকাল শুক্রবার সেখানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। জানা গেছে, বিএনপি গতকাল সকাল নয়টায় ছোনটিয়া বাজারে দিগপাইত ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন করার ঘোষণা দেয়। অন্যদিকে ইউনিয়ন যুবলীগও একই স্থানে কর্মী সম্মেলন করার কথা ঘোষণা করে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলা প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করে। এতে কোনো দলই সেখানে সম্মেলন করতে পারেনি। বিএনপি পরে দিগপাইত ধরনীকান্ত উচ্চবিদ্যালয় মাঠে সম্মেলন করে। যুবলীগ সম্মেলন করেনি। জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিউর রহমান প্রথম আলোকে বলেন, প্রশাসন ১৪৪ ধারা জারি করায় তাঁরা স্থান পরিবর্তন করে বিদ্যালয় মাঠে সম্মেলন করেন। এতে কেউ বাধা দেয়নি। ইউনিয়ন যুবলীগের সভাপতি ফজলুল হক বলেন, তাঁরা প্রশাসনকে জানিয়েই সেখানে কর্মী সম্মেলনের ডাক দিয়েছিলেন।জেলা প্রশাসক সিরাজ উদ্দিন আহম্মদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এ ব্যবস্থা নেওয়া হয়।