জামালপুরে এসিড সন্ত্রাসীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসিড-সন্ত্রাসের বিরুদ্ধে গত শনিবার বিকেলে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের জব্বারগঞ্জ বাজারে এলাকাবাসী সংবাদ সম্মেলন করেছেন। এসিড নির্যাতনের শিকার বৃদ্ধ তোফাজ্জল হোসেনের ওপর অত্যাচার, নির্যাতন ও হুমকির প্রতিবাদে তাঁরা এ সম্মেলনের আয়োজন করেন। সম্মেলন শেষে এলাকাবাসী এসিড-সন্ত্রাসীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। সংবাদ সম্মেলনে তোফাজ্জল হোসেন কান্নায় ভেঙে পড়েন। এসিড-সন্ত্রাসের শিকার হয়ে তাঁর দুই চোখের আলো নিভে গেছে। দুর্বৃত্তরা তাঁকে অন্ধ করেই ক্ষান্ত হয়নি; তাদের অত্যাচার, নির্যাতন ও হুমকির মুখে স্ত্রী জমেলা খাতুন, ছেলে জামিউল ইসলাম ও প্রতিবন্ধী পালক ছেলে জাহাঙ্গীর আলমকে নিয়ে তিনি দুর্বিষহ জীবনযাপন করছেন। তাঁর ভাতিজা মোহাম্মদ আলীর সঙ্গে জমির বিরোধ নিয়ে গত বছরের ২৮ ফেব্রুয়ারি রাতে সেচঘরে তিনি এই নির্মম এসিড-সন্ত্রাসের শিকার হন। জামিউল ইসলাম বাদী হয়ে গত বছরের ১২ মার্চ মোহাম্মদ আলী, তাঁর স্ত্রী জরিফুল বেগম ও মোশারফ হোসেনকে আসামি করে এসিড অপরাধ দমন আইনে বকশীগঞ্জ থানায় মামলা করেন। মামলাটি জেলা জজ আদালতে বিচারাধীন রয়েছে।