জামালপুরে এসিড-সন্ত্রাসের শিকার এক নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের ইসলামপুর উপজেলার পূর্ব বলিয়াদহ গ্রামে ছালেহা বেগম (৫০) নামের এক নারী এসিড-সন্ত্রাসের শিকার হয়েছেন। তাঁর ঘাড়, পিঠ, বুকসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। গত শনিবার ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পূর্ব বলিয়াদহ গ্রামের কৃষক আইজ উদ্দিনের স্ত্রী ছালেহা বেগম ঘরে জানালা খুলে ঘুমিয়েছিলেন। দুর্বৃত্তরা জানালা দিয়ে তাঁর গায়ে এসিড ছুড়ে মারে। এতে তাঁর ঘাড়, পিঠ, বুকসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির কর্মীরা তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জরুরি চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দিলে ব্র্যাকের কর্মীরা শনিবার রাতেই তাঁকে ঢাকাস্থ এসিড সারভাইভারস ফাউন্ডেশনে নিয়ে যান। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জেলা ব্যবস্থাপক মো. আজাদ রহমান প্রথম আলোকে বলেন, চিকিৎসকেরা তাঁদের জানিয়েছেন, ছালেহা বেগমের অবস্থা আশঙ্কাজনক।এ ব্যাপারে ছালেহা বেগমের ছেলে মো. শাহজাহান আলী এসিড অপরাধ দমন আইনে মনো মিয়া, আইয়ুব আলী ও শফিকুল ইসলাম নামের তিন প্রতিবেশীর বিরুদ্ধে মামলা করেছেন। শাহজাহান আলী বলেছেন, আসামিদের সঙ্গে তাঁদের জমিজমা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। এর জের ধরে তারাই এ ঘটনা ঘটিয়েছে বলে তাঁরা মনে করছেন।