জামালপুরে রেলস্টেশনে পুলিশের মারধরে মুক্তিযোদ্ধা আবদুল বারীর মৃত্যুর ঘটনায় ওসিসহ চারজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নিহত মুক্তিযোদ্ধার ছেলে বাদী হয়ে হত্যা মামলাটি করেন।
মামলার আসামিরা হলেন জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌর চন্দ্র মজুমদার, সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহরাব আলী, কনস্টেবল তপন বড়ুয়া এবং জামালপুরের রেলস্টেশনের টিকিট চেকার (টিসি) আনিছুর রহমান। মামলার পর টিসি আনিছুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলা, পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, বিনা টিকিটে ট্রেনে যাত্রার অভিযোগে নিহত মুক্তিযোদ্ধা আবদুল বারীর ছেলেকে জিআরপি থানায় ধরে নিয়ে আসা হয়। ছেলেকে ছাড়াতে গিয়ে পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন আবদুল বারী। একপর্যায়ে পুলিশের মারধরে তাঁর মৃত্যু হয়। ওই ঘটনায় ওসিকে সাময়িক বরখাস্ত করা হয়। নিহত আবদুল বারীর লাশ গতকাল মঙ্গলবার ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়ি জামালপুর শহরের হাটচন্দ্রা এলাকায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নিহত মুক্তিযোদ্ধার ছেলে শাহ মো. মিজানুর রহমান বাদী হয়ে জিআরপি থানার ওসিসহ চারজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। পুলিশ ওই রাতেই স্টেশন এলাকা থেকে টিসি আনিছুর রহমানকে গ্রেপ্তার করে। আজ বুধবার দুপুরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
জামালপুর জিআরপি থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাউছার আহম্মেদ প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।