জামালপুরে কাগজকলের বর্জ্য খালে, জনদুর্ভোগ

জামালপুরে একটি কাগজকলের বর্জ্য নামছে খুপিবাড়ী খালে। এতে খালের ভাটির দিকের প্রায় অর্ধেক অংশের পানি দূষিত হয়ে গেছে। ছড়াচ্ছে দুর্গন্ধ। ফলে খালপাড়ের বাসিন্দাদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
পৌর শহরের খুপিবাড়ী এলাকার কয়েকজন বাসিন্দা প্রথম আলোকে বলেন, খালটি ঝিনাই নদের একটি শাখা। নদ থেকে খুপিবাড়ী হয়ে কালীবাড়ি স্লুইসগেট পর্যন্ত প্রায় আট কিলোমিটার। এর মাঝামাঝি এলাকায় রয়েছে ম্যাপ পেপার মিল। এই কাগজকলটির বর্জ্যেই খালের প্রায় চার কিলোমিটার অংশ দূষণের শিকার হয়েছে। অথচ বছর খানেক আগেও এই খালের পানিতে স্থানীয় বাসিন্দারা গোসল করতেন। ঘরকন্নার কাজেও ব্যবহৃত হতো এই পানি। মাছও মিলত।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, পৌর শহরের খুপিবাড়ী পুলিশ লাইনসের সামনে প্রায় পাঁচ একর জমিতে তৈরি করা হয় ম্যাপ পেপার মিল। গত বছরের ৯ নভেম্বর আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। এরপর থেকে কাগজকলটির দূষিত পানি ও বর্জ্য নালার মাধ্যমে খুপিবাড়ী খালে নামছে।
নাম গোপন রাখার শর্তে কারখানার সংশ্লিষ্ট কয়েকজন বলেন, কাগজকলটিতে একটি বর্জ্য শোধনাগার আছে। কিন্তু খরচ বাঁচাতে সেটি চালু করা হয় না। কারখানার সব দূষিত পানি ও বর্জ্য ওই খালে নামিয়ে দেওয়া হচ্ছে।
গত বুধবার দুপুরে সরেজমিনে দেখা যায়, কাগজকলটির পেছনের দিক থেকে নালা দিয়ে পানি ও বর্জ্য খালে নামছে। পানি থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। পানির রং চুনের মতো। এর ওপর বর্জ্য ভাসছে।
খুপিবাড়ী এলাকার বাসিন্দা মাবিয়া বেগম বলেন, ‘দুর্গন্ধে ঘরে থাকা দায়। মাঝেমধ্যে মনে হয়, বাড়িঘর ছেড়ে দূরে কোথাও চলে যাই। দুর্গন্ধের কারণে বাড়ির শিশুরাও প্রায়ই অসুস্থ হয়ে পড়ে।’
স্থানীয় বাসিন্দা আবদুল গণি বলেন, আগে বেশির ভাগ সময় এই খাল থেকে মাছ শিকার করা যেত। এখন খালে মাছ তো দূরের কথা, একটি ব্যাঙও খুঁজে পাওয়া যাবে না।
জামালপুরের পরিবেশ রক্ষা আন্দোলন কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিম বলেন, ‘ছোটবেলা আমরা এই খালে সাঁতার কেটেছি, গোসল করেছি। খালপাড়ের বাসিন্দারা এর পানি নানা কাজে ব্যবহার করতেন। কিন্তু কাগজকলটি চালুর পর থেকে এর বর্জ্যে খালটির পানির কাছে যাওয়াই যাচ্ছে না। আমরা অবিলম্বে এই কারখানা বর্জ্য খালে ফেলা বন্ধের দাবি জানাচ্ছি। তা না হলে আমাদের পক্ষ থেকে সর্বাত্মক আন্দোলনের ডাক দেওয়া হবে।’
গত বৃহস্পতিবার মুঠোফোনে জানতে চাইলে ম্যাপ পেপার মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. মোশারফ হোসেন বলেন, মিলের পানি খালে পড়লেও তা দূষিত নয়। আর খাল তো বর্জ্য ফেলার জন্যই। তবে বর্জ্য শোধনাগার বন্ধ রাখার বিষয়টি তিনি অস্বীকার করেন। তিনি বলেন, ‘২৪ ঘণ্টাই আমাদের বর্জ্য শোধনাগার চালু রয়েছে।’
জামালপুরে পরিবেশ অধিদপ্তরের কোনো কার্যালয় নেই। তবে এ বিষয়ে জানতে চাইলে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মুনীর উদ্দিন বলেন, মৎস্য বিভাগ থেকে খালটি পরিদর্শন করা হবে। এরপর বর্জ্য ফেলা বন্ধের ব্যাপারে কারখানা কর্তৃপক্ষকে সতর্ক করা হবে। এরপর না মানলে খালটি রক্ষায় প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত বসানো হবে।
জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান বলেন, এ বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।