বিচারে গরিব মানুষের প্রবেশাধিকার নিশ্চিত করার লক্ষ্যে গঠিত জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা জামালপুর জেলা কমিটির কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। ফলে গরিব বিচারপ্রত্যাশীদের জন্য বিনা খরচে আইনি সহায়তার টাকা ব্যাংকে পড়ে থাকছে। গরিব মানুষের তা কোনো কাজে লাগছে না।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার কার্যক্রম জামালপুরে শুরু হয় ১৯৯৪ সালে। জেলা ও দায়রা জজকে চেয়ারম্যান করে ১৭ সদস্যবিশিষ্ট কমিটি এ সংস্থার কার্যক্রম পরিচালনা করে। মামলা পরিচালনার জন্য কমিটি ২০ জন আইনজীবী নিয়োগ দিয়েছে। সংস্থার নীতিমালা অনুযায়ী গরিব অসহায় মানুষের বিনা খরচে আইনি সহায়তার বিধান রয়েছে। এ ক্ষেত্রে মামলা পরিচালনার জন্য সংস্থার তহবিলে সরকারি অর্থ বরাদ্দ দেওয়া হয়। নির্ধারিত আইনজীবীরা মাসিক সম্মানীর ভিত্তিতে এবং বিচারপ্রত্যাশী কোনো বাদী-বিবাদী মামলা পরিচালনার যাবতীয় খরচ সংস্থার তহবিল থেকে পেয়ে থাকেন।কিন্তু সংস্থার নির্ধারিত কোনো কার্যালয় না থাকা, সংশ্লিষ্ট আইনজীবীদের দায়িত্বে অবহেলা, বিচারকদের সঙ্গে সমন্বয়হীনতা, গরিবদের মধ্যে সংস্থার কার্যক্রম প্রচারণার অভাবসহ নানা কারণে এই তহবিলের টাকা গরিব বিচারপ্রত্যাশীদের কাজে লাগছে না। টাকা পড়ে থাকছে সংস্থার তহবিলের ব্যাংক হিসাবে।জানা গেছে, এই কার্যক্রমে সরকারি অর্থ পাওয়া শুরু হয় ২০০১ সালে। চলতি বছরের গত ৩০ জুন পর্যন্ত এর তহবিলে বরাদ্দ দেওয়া হয় তিন লাখ ১৬ হাজার ৫৮৩ টাকা। অথচ এই তহবিলের ব্যাংক হিসাবে সুদসহ বর্তমনে জমা রয়েছে তিন লাখ ২৪ হাজার ৬৮৬ টাকা। এই তহবিল থেকে ২০০৬ সালের পর চলতি মাস পর্যন্ত আইনি সহায়তা পেয়েছেন মাত্র ২৭১ জন। নতুন করে আরও ৪০টি মামলার কার্যক্রম এর আওতায় আনা হয়েছে।সংস্থাটির জেলা কমিটির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বাদশা মিয়া প্রথম আলোকে বলেছেন, এই সংস্থার কার্যক্রমে যাতে গতি ফিরে আসে, এর জন্য তরুণ আইনজীবীদের সম্পৃক্ত করা হয়েছে।সহকারী জজ সুরুজ সরকার বলেন, ‘সংস্থাটির তালিকাভুক্ত আইনজীবী কারা, সেটাই তো জানি না। এ কার্যক্রমের ওপর মনিটরিং সেল গঠন করা খুবই জরুরি।’ তাঁর মতে, আইনি সেবার ফল যিনি ভালো পাবেন, তিনিই তো এ ব্যাপারে এলাকায় প্রচার করবেন। তাই গরিব মানুষকে বিনা খরচে কম সময়ে আইনি সেবা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।সংস্থার জেলা কমিটির চেয়াম্যান ও জামালপুর জেলা ও দায়রা জজ মালিক আবদুল্লাহ আল আমীন গত ৩১ জুলাই জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে এ সংক্রান্ত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, শুধু সভা করে বসে থাকলেই চলবে না। এ সংস্থার আওতাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে হবে। গরিব মানুষের দোরগোড়ায় প্রচার চালাতে হবে। সংস্থার তালিকাভুক্ত আইনজীবীদের নিজ নিজ মামলার অগ্রগতির প্রতিবেদন প্রতি মাসে দিতে হবে। টানা তিন মাস প্রতিবেদন না দিলে ওই আইনজীবীকে তালিকা থেকে বাদ দেওয়া হবে বলেও তিনি মন্তব্য করেন।