জামালপুরে কালোবাজারে চাল বিক্রির সময় আটক ২
জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের ১০ টাকা কেজির ৯৪ বস্তা চাল কালোবাজারে বিক্রির সময় দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে ইউনিয়নের হাজিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন ইউনিয়নের ভাদুরিয়াপাড়া গ্রামের রফিকুল ইসলাম (৩০) ও মেলান্দহ উপজেলার ঝাউগড়া এলাকার নজরুল ইসলাম (৩২)। তাঁরা দুজন কালোবাজারে বিক্রি করা চাল বহনকারী ভটভটির চালক।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ১০ টাকা কেজি চাল বিক্রির জন্য মেষ্টা ইউনিয়নের হাজিপুর বাজারের ডিলার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ ফারুকী ২২ হাজার ৭১০ কেজি চাল বরাদ্দ পান। তিনি গত সেপ্টেম্বর মাসে ১৮ হাজার ৯৫০ কেজি চাল হতদরিদ্র ব্যক্তিদের মধ্যে বিক্রি করেন। বাকি চাল জামালপুর শহরের মো. মুক্তি মিয়া নামের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন। গতকাল ভোরে দুটি ভটভটি দিয়ে ওই চাল নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ভটভটি দুটি আটক করে পুলিশে খবর দেন।
খবর পেয়ে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল সাবরিন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল ছালাম ঘটনাস্থলে যান। এ সময় তাঁরা ওই ডিলারের গুদামে তালা লাগিয়ে দেন। পরে পুলিশ চাল ও ভটভটির দুই চালককে জেলা প্রশাসনের কার্যালয়ে নিয়ে যায়।
তবে আশরাফ ফারুকী দাবি করেন, ‘আমার বরাদ্দকৃত সকল চাল যথাসময় বিক্রি করা হয়েছে। হয়তো উপকারভোগীরা ওই চাল কোনো ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন। সেটাই হয়তো কোনো চাল ব্যবসায়ী নিয়ে যাচ্ছিল। আটক চাল আমার নয়।’
ইউএনও মোহাম্মদ আবদুল ছালাম প্রথম আলোকে বলেন, তদন্ত করে চাল বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।